গাংনীতে বোমা মেরে গরু লুট, স্বামী-স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়ার আকবর আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
বোমার স্প্লিন্টারের আঘাতে আকবর আলী (৪৫) ও তাঁর স্ত্রী নার্গিস খাতুন (৩৭) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম রেজা জানান, বোমার স্প্লিন্টারে আহত ব্যক্তিদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে কিছু স্প্লিন্টার অপসারণ করা হয়েছে।
আকবর আলীর স্ত্রী নার্গিস খাতুন জানান, রাত তিনটার দিকে ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের বাড়িতে ঢোকে। এ সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গরুর শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাঁদের ওপর বোমা হামলা চালায়। বোমার আঘাতে তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দুটি গরু নিয়ে চলে যায়। গরু দুটির দাম প্রায় দেড় লাখ টাকা।
গাংনী হিন্দা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সামসুল হক জানান, বোমার শব্দে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। কিন্তু এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি।