গাংনীতে বোমা হামলায় ৪ ভোটার আহত
মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচন শুরুর পরপরই ভোলাডাঙ্গা কেন্দ্রের বাইরে হাতে বানানো কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় বশিরউদ্দিন, মোমিন, শফি ও গিয়াস নামের চারজন আহত হয়েছেন। তাঁদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া শালদাহ, মালসাদাহ, সাহারবাটি, জোড়পুকুরসহ বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার জানান, গাংনীর ষোলটাকা ইউনিয়নের কৃষকনগর গ্রামের শত শত ভোটার দলবেঁধে ভোলাডাঙ্গা কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেন। কিন্তু ভোটাররা বাধা উপেক্ষা করে যেতে চাইলে তাঁদের লক্ষ্য করে ৮-১০টি বোমা হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশসহ আইনপ্রয়োকারী অন্যান্য সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।