গাংনীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর মাঠ থেকে আজ শুক্রবার সকালে আবু বক্কর (৪৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু বক্করের বাড়ি উপজেলার কাজীপুর ইউনিয়নের কোদালকাঠি গ্রামে। তিনি কাঁচা মরিচের ব্যবসা করতেন।

এ ঘটনায় নিহত আবু বক্করের স্ত্রী আরজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গাংনী থানায় হত্যা মামলা করেছেন।

নিহত আবু বক্করের বড় ভাই ফুলচাঁদ জানান, তাঁর ভাই চাষাবাদ করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আবু বক্কর নিজ জমির মরিচ বিক্রি করতে কুষ্টিয়ার খলিসাকুণ্ড বাজারে যান। সেখানে থেকে ফেরার পথে রাজাপুর মাঠে দুর্বৃত্তরা তাঁকে খুন করে অর্থ নিয়ে চলে যায় বলে তিনি কয়েকজনের কাছে শুনেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, শুধু অর্থ লুটের উদ্দেশে এভাবে গলা কেটে হত্যা করার কথা নয়। এ ঘটনার পেছনে ব্যবসায়িক কিংবা জমিজমা-সংক্রান্ত বিরোধের ব্যাপার থাকতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।