গাংনীতে মহিলা দলের সমাবেশে আ.লীগের হামলা, সভা ভণ্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাংনীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশের ওপর স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে হামলা চালিয়ে সভা ভণ্ডুল করেছেন। হামলার কারণে গাংনী উপজেলা ও পৌর মহিলা দলের সম্মেলন হতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও মহিলা দলের কর্মীরা জানান, গতকাল গাংনী উপজেলা ও পৌর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে মহিলা দলের নেতা-কর্মী ও বিএনপির নেতারা বেলা ১১টার দিকে শহরের ত্রিমুহনী মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় সম্মুখে জড়ো হচ্ছিলেন। এ সময় গাংনী আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের সমর্থকেরা গাংনীর পৌর মেয়র আহম্মদ আলীর নেতৃত্বে সভাস্থলে পৌঁছে সম্মেলন বন্ধের হুমকি দেন। পরিস্থিতি বুঝে স্থানীয় বিএনপি সম্মেলনস্থল পরিবর্তন করে নেতা-কর্মীদের গাংনী মহিলা কলেজের আমবাগানে জড়ো হতে বলে। পরে বিএনপির নেতা-কর্মীরা পরিবর্তিত স্থানে যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা বিএনপির মহিলা দলের শোভাযাত্রার ওপর হামলা চালান। এ সময় বিএনপির কয়েকজন নারী কর্মী আহত হলে সবাই ছত্রভঙ্গ হয়ে যান।গাংনীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা আহম্মদ আলী জানান, বিএনপির মহিলা দলের সম্মেলন করছিল পৌরসভার অনুমতি ছাড়াই। পথচারীদের সুবিধার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনি সম্মেলন করতে বাধা দেন। আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেন জানান, মহিলা দলের সম্মেলনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী হামলা করেননি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, নিয়মতান্ত্রিক কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিলে সুস্থ রাজনীতির ধারা হুমকির মুখে পড়ে। ফলে এ ধরনের হামলাকে তাঁর দল সমর্থন করে না।