গাংনীতে মাদকবাহী মাইক্রোবাসের চাপায় পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে মাদকবাহী মাইক্রোবাসের চাপায় আলাউদ্দিন আহমেদ নামের (৩২) একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গাংনী বামন্দি-কাজিপুর সড়কে পুলিশের অভিযান চলার সময় এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি গ্রামে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে রাতে পুলিশের একটি দল ফেনসিডিলবোঝাই মাইক্রোবাসটি আটকের জন্য সাহেবনগর এলাকায় টহল দিচ্ছিল। রাত নয়টার দিকে পুলিশ কাজিপুরের দিক থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামানোর চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসটি পুলিশের কনস্টেবল আলাউদ্দিন আহমেদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ওসি আকরাম হোসেন আরও বলেন, ওই সড়ক দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে বলে পুলিশ খবর পেয়েছিল। তাঁরা ওই সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। এর পাঁচ মিনিট পরই মাইক্রোবাসটি আলাউদ্দিনকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে আলাউদ্দিনের ব্যবহৃত শর্টগানটি এখনো পাওয়া যায়নি।