গাংনীতে মেয়রের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে পৌর মেয়রের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, আসবাব লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমঞ্চদ আলীর নেতৃত্বে ৫০-৬০ জন লাঠিমিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টি বন্ধ ছিল। হামলাকারীরা দরজা ভেঙে কার্যালয়ে ঢুকে টেলিভিশনসহ আসবাব ভাঙচুর ও কাগজপত্র লুট করে। পরে তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপিদলীয় সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন বলেন, মেয়রের নেতৃত্বে মজিরুল বাহিনীর সদস্যরা মিছিল নিয়ে এই হামলা চালায় এবং কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
মেয়র আহমঞ্চদ আলী বলেন, উপজেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র সরবরাহ করা হয়। অস্ত্রধারীরা সেখান থেকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। তাই তিনি নিজেই সেখানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি এই কার্যালয় আর খুলতে দেবেন না। কার্যালয়টি খোলা হলে ফের হামলা চালাবেন বলে তিনি ঘোষণা দেন।