গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
মেহেরপুরের গাংনীতে কালি গাংনী কলোনি মাঠ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে গাংনী-কাথুলী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় চালকসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছে। তারা সবাই কিশোর। বয়স ১৫-১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।
নিহত রেজাউল গাংনী উপজেলার গাড়াবাড়ি গ্রামের মোলাম কারিগরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহত রেজাউলের ছোট ভাই ফিরোজ হোসেনের ভাষ্য, ঘাস কাটতে সকালে বাড়ি থেকে বের হন রেজাউল। মাঠে যাওয়ার পথে কালি গাংনী কলোনি মাঠ এলাকায় একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর ডান পা ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ তিন আরোহীকে আটক করেন এবং মৃতদেহ উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে আসেন।
ঘটনাস্থল থেকে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের আরোহী তিনজনই স্কুল শিক্ষার্থী। তাদের মধ্যে গাংনী থানাপাড়ার নাসির উদ্দীনের ছেলে নাইম মাথায় আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের একজন মালশাদহ গ্রামের আমিরুল ইসলামের ছেলে সজিব হোসেন, আর অন্যজন গাংনী বাজার এলাকার হোটেল ব্যবসায়ী আবদুস সামাদের ছেলে ইমন। তারা সামান্য আহত হয়েছে।
এসআই মেহেদী হাসান আরও বলেন, ওই তিন কিশোরকে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে কে মোটরসাইকেলটি চালাচ্ছিল, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।