গাংনীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মামলা
যুবদলের মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সহসভাপতি লাবলুকে (৪২) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। উপজেলার জোড়পুকুর গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। হত্যার প্রতিবাদে বিএনপির উপজেলা শাখা দুই দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। এ ঘটনায় গতকাল রোববার নিহত ব্যক্তির স্ত্রী আদুরী খাতুন গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ১০টার দিকে লাবলু গ্রামের বাড়ি জোরপুকুরে ফিরছিলেন। জোড়পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে লিটনের চায়ের দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের বিস্কুট, শাহাবুল ও ফজলু বিশ্বাসের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ বিষয়ে বিস্কুট, শাহাবুল ও ফজলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বিএনপির উপজেলা শাখার সভাপতি ও মেহেরপুর-২ আসনের সাংসদ আমজাদ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।