গাংনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহির উদ্দিনকে (৪৫) গত রোববার রাতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়, নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। হত্যাকারীদের বিচারের দাবিতে তাঁরা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন।মহির উদ্দিনের ছোট ভাই জহির উদ্দিন জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর ভাই আর ফিরে আসেননি। গতকাল সোমবার সকালে পুলিশ মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তিনি উপজেলার নিশিপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।নাম প্রকাশে অনিচ্ছুক বামুন্দী গ্রামের একাধিক ব্যবসায়ী জানান, মহির উদ্দিন মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি কাজীপুরের দুই ভাই হত্যার মামলার আসামি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা আছে। তিনি পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহেল বাকী বলেন, ‘নিহত মহির একাধিক হত্যা মামলার আসামি। সে মাদক ব্যবসা করত। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় মহিরের লাশ নিয়ে বামুন্দী বাজারে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা বামুন্দী মোড়ে সমাবেশ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বামুন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়ালের ব্যবসাপ্রতিষ্ঠান ও তাঁর বাড়িতে ভাঙচুর করেন। এরপর তাঁরা বিএনপির নেতা মুন্না, বাচ্চু, ইয়াছিন রেজা, আবদুল আলিমেরসহ ১০ জনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের একটি মোটরসাইকেল, একটি ভিডিও ও একটি ডিজিটাল ক্যামেরা ভাঙচুর করেন। দুপুর সাড়ে ১২টার সময় গাংনী শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এর নেতৃত্ব দেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক। মিছিলকারীরা এ সময় গাংনী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল থেকে যুবলীগের কর্মীরা রাস্তা অবরোধ করে রাখায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ছয় ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ছিল। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘মহির উদ্দিন যুবলীগের নেতা ছিলেন। এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তাই যুবলীগের কর্মীরা বিএনপির নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।’ আওয়ামী লীগের নেতা এম এ খালেক এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন।মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘মহির ছিল এলাকার শীর্ষ সন্ত্রাসী। নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। অথচ আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপি নেতাদের বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।’