গাংনীতে যুবলীগের নেতা ১১ দিন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উপজেলার মালসাদহ গ্রামের বাসিন্দা বদিউজ্জামানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় ও প্রভাবশালী এক ব্যক্তির নির্দেশে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে ঘটনার এক সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। গাংনীর প্রভাবশালী ব্যবসায়ী আশরাফুল ইসলামসহ ১১ জনকে ওই মামলায় আসামি করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। মামলার বাদী ও নিখোঁজ বদিউজ্জামানের ভাই রবিউল ইসলাম সোমবার মালসাদহ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আশরাফুল ইসলামের অবৈধ ব্যবসার প্রতিবাদ করেছিলেন বদিউজ্জামান। তাই তাঁকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেন আশরাফুল। এরপর তাঁর ক্যাডার বাহিনী গত ২২ এপ্রিল সন্ধ্যায় বদিউজ্জামানকে অপহরণ করে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ও পুলিশকে জানানো হয়। এ ব্যাপারে মামলা করতে গেলে আশরাফুলের বিরুদ্ধে মামলা নিতে আপত্তি করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। আশরাফুলের বিরুদ্ধে মামলা করে এলাকায় টিকে থাকা যাবে না বলে বদিউজ্জামানের পরিবারকে সতর্ক করে দেন ওসি। আশরাফুলের কাছ থেকে তিনি লক্ষ টাকা ঘুষ নিয়েছেন।এ ব্যাপারে আশরাফুল ইসলাম গত রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে গাংনী পৌর আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক দাবি করে বলেন, ‘কুখ্যাত সন্ত্রাসী বদিউজ্জামানের বিরুদ্ধে গাংনী থানায় ১৯টি মামলা আছে। আমি ওই সন্ত্রাসীকে কোনো চাকরি দিইনি। তাঁর অপহরণের ব্যাপারেও আমি কিছু জানি না। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ওই সন্ত্রাসীকে রক্ষার জন্য আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।’ বদিউজ্জামানের মা মছিরুন নেছা বলেন, ‘ছেলিকে আশরাফুল ডেকি নিই গুম করি দিইছে। পরদিন আশরাফুলের কাছে ছেলির প্রাণভিক্ষা চাইলে বলে, ছেলেকে জীবিত তো দূরের কথা, তার লাশও তোরা পাবি না।’ উপজেলা আও-য়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, অপহরণকারী আশরাফুল জাল স্ট্যাম্প বিক্রি করে অবৈধ সম্পদ গড়েছেন। তিনি দলের কেউ নন। অবৈধ ব্যবসা রক্ষার জন্য তিনি সন্ত্রাসী লালন করেন। তিনিই যুবলীগ নেতা বদিকে গুম করেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পুলিশ ১০ লাখ টাকা ঘুষ নিয়ে এই অপহরণ ঘটনায় আশরাফুলকে সহায়তা করেছে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বলেন, বদি একজন সন্ত্রাসী যুবক। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে দেখছে র‌্যাব। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বদিউজ্জামান নিখোঁজ, গুম, অপহরণ হয়েছেন নাকি আত্মগোপন করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা তদন্তাধীন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের গ্রেপ্তার করা হবে। পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ মিথ্যা।