মেহেরপুরের গাংনী উপজেলায় যুবলীগের কর্মীরা গতকাল শুক্রবার দুপুরে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিলেও ভয়ে মামলা নেয়নি পুলিশ।গাংনীর বামুন্দী বাজারের পোশাক ব্যবসায়ী পলাশ ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে যুবলীগের কর্মী বামুন্দীর সালাম, নিশিপুর গ্রামের আলী হোসেন ও সাজেদের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আমার দোকানে ঢোকে। তারা আমাকে ও ভাগনে শুভর মাথায় পিস্তল ঠেকিয়ে দোকানের মালামাল তছনছ করে এবং ক্যাশবাক্স ভেঙে পাঁচ লাখ টাকা নিয়ে যায়। বাধা দিতে যাওয়ায় দোকানের কর্মচারী সেরেগুল ইসলাম, আলেক ও লিটনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।’পলাশ অভিযোগ করেন, ছিনতাই ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলের কর্মী হওয়ায় পুলিশ ভয়ে মামলাটি নেয়নি।মামলা না নেওয়ার বিষয়টি স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ‘ব্যবসায়ীর দোকানে ঢুকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি কানে এসেছে। কিন্তু ছিনতাইকারীরা ক্ষমতাসীন দলের কর্মী, তাই পুলিশ তাঁদের বিরুদ্ধে কিছু করতে ভয় পাচ্ছে।’ পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী বলেন, ক্ষমতার আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দ্বিধাবিভক্ত রাজনীতিই গাংনীর আইনশৃঙ্খলার অবনতির মূল কারণ। আইনশৃঙ্খলা উন্নয়নে দ্রুত কঠোর ভূমিকায় নামবে পুলিশ।ছিনতাইয়ের ব্যাপারে যুবলীগের কর্মী সালাম, আলী হোসেন ও সাজেদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁরা পলাতক বলে গাংনী থানার পুলিশ জানিয়েছে।