গাংনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ ৫৪ হাজার গ্রাহক
মেহেরপুরের গাংনী উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রায় ৫৪ হাজার গ্রাহক। চলতি সেপ্টেম্বরের প্রথম দিন থেকে গত শনিবার রাত পর্যন্ত প্রতিদিন কয়েক দফায় গড়ে পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ-বিভ্রাট হয়। বিশেষ করে রাতের বেলায় লোডশেডিংয়ের কারণে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় জানান, কুষ্টিয়া থেকে যে তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটি দুর্বল হওয়ায় বেশি বিদ্যুৎ সরবরাহ করা যায় না। সন্ধ্যার পর গাংনীতে ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। সেখানে পাওয়া যায় মাত্র ১২ মেগাওয়াট। এ জন্য লোডশেডিং হচ্ছে। তার পরিবর্তনের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে তার পরিবর্তন করা হবে। তখন লোডশেডিং থাকবে না।
এলাকাবাসী সূত্র জানায়, গাংনী শহরে শনিবার সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। আধা ঘণ্টা পর দুইটায় আবার বিদ্যুৎ চলে যায়। আড়াইটায় বিদ্যুৎ এসে আবার সাড়ে তিনটায় চলে যায়। শুক্রবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দুই দফায় আধঘণ্টা করে লোডশেডিং হয়েছে। এভাবে ঈদের আগের দিন থেকে শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিন গভীর রাতে দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দিনের বেলাও দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে উপজেলার কয়েক হাজার গ্রাহক গরমে ভোগান্তিতে পড়েছেন।
গাংনী কলেজ পাড়ার মেহেদী হাসান বলেন, ‘রাত বাড়ার সঙ্গে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। ঠিকমতো ঘুম হয় না।’
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবদুল মতিন বলেন, দিনের বেলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা হয়। সন্ধ্যার পর থেকে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তখন একটু সমস্যা হয়।