গাংনীতে সংঘর্ষ বোমায় আ.লীগের কর্মী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় বোমার আঘাতে আওয়ামী লীগের কর্মী ইলিয়াস হোসেন (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে মটমুড়ার বাউট কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, প্রভাষক রোকনুজ্জামানসহ আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশ, এলাকাবাসী ও আহত ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে চরগোয়াল গ্রামের আওয়ামী লীগের কর্মী আতাহার আলী একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। রাস্তায় বিএনপির কর্মী জাকির অন্য একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাকির সাইড না দিলে আতাহার মোটরসাইকেল দিয়ে তাঁকে ধাক্কা দেন। এই নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে পর পর তিনটি বোমার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। এ ঘটনায় আবু তালেব, নাছির উদ্দিন, কামাল উদ্দিনসহ বিএনপির ছয় সমর্থক আহত হয়েছেন। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনের পর থেকেই গ্রামে আওয়ামী লীগের আতাহারের সঙ্গে বিএনপির ছাদিমান পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জের ধরে সংঘর্ষ হয়। গাংনী উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘এটা পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপি-সমর্থিত কর্মীরা পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় সন্দেহজনকভাবে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।