গাংনীতে সন্ত্রাসীদের হামলায় আহত ৩
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে সন্ত্রাসীদের ছোড়া গুলি ও বোমা হামলায় আওয়ামী লীগের স্থানীয় এক কর্মীসহ তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন শফি উদ্দীন নামে একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন।আহতরা হলেন, আড়পাড়া গ্রামের আয়নাল হক (৫০), মহিদুল ইসলাম (৪০) ও হাশেম আলী (৩৮)। গুলিবিদ্ধ আয়নাল হককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আয়নাল হক তাঁর শ্বশুরবাড়ির আড়পাড়া গ্রামে বাড়ি করে বসবাস করছেন। শুক্রবার রাতে তিনি বাড়ির বারান্দায় বসে ছিলেন। পৌনে নয়টার দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পালানোর সময় গ্রামবাসী টের পেয়ে লাঠিসোটা নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা গ্রামবাসীদের লক্ষ্য করে কয়েকটি গুলি (ছররা) ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ছররা গুলিতে মহিদুল ইসলাম ও হাশেম আলী পায়ে আঘাত পান। পালানোর সময় একটি ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী শফি উদ্দীনকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী।ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আয়নালের শ্বশুর মৃত সাবান আলীর সঙ্গে একই গ্রামের মৃত আবুস উদ্দীনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ বিরোধে এখন আবুস উদ্দীনের ছেলে রিপন হোসেন ও আয়নাল হকের মধ্যে গড়িয়েছে। গাংনী থানার ওসি মাসুদুল আলম বলেন, আটক শফি উদ্দীনের বিরুদ্ধে উপপরিদর্শক আশরাফুল ইসলাম মামলা করেছেন। তাঁর বাড়ি পাবনার কামারখালী এলাকায়। হত্যা চেষ্টার মামলাটি প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়েছে। প্রাথমিকভাবে হামলার ঘটনায় রিপনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে এর আগেও থানায় হত্যা মামলার অভিযোগ রয়েছে।