গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুঁলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হোসেন জানান, গাংনী আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষে কয়েক দিন আগে তেঁতুলবাড়িয়া বাজারে একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। গতকাল রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বাজারে থাকা নৈশপ্রহরীরা আগুন নেভায়। এ সময় ক্যাম্পের শামিয়ানা পুড়ে যায়।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।