গাংনীতে সড়ক সম্প্রসারণের কাজে অনিয়মের অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের কাজে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দরপত্র অনুযায়ী সড়কটি প্রশস্ত করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেহেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গাংনী শহরের প্রধান সড়কের ৪২০ মিটার প্রশস্ত করার জন্য সেপ্টেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ৯২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। জহিরুল লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কার্যাদেশ দেওয়া হয়।দরপত্রের শর্তানুযায়ী সড়কটির দুই পাশ তিন ফুট করে মোট ছয় ফুট সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে সম্প্রসারিত অংশ সম্পূর্ণভাবে কার্পেটিং করার কথা। এলাকাবাসীর অভিযোগ, দরপত্র অনুযায়ী রাস্তার দুই পাশ তিন ফুটের বদলে আড়াই ফুট করে চওড়া করা হচ্ছে। এ ছাড়া সম্প্রসারিত অংশ দরপত্রের শর্তানুযায়ী আট ফুট গভীর করে না খুঁড়ে চার ফুট গভীর করে খোঁড়া হচ্ছে। পরে খোঁড়াখুঁড়ি অংশে নিম্নমানের বালু ও খোয়া ব্যাবহার করা হচ্ছে। এতে নির্মাণের পর ভারী যানবাহন চলাচল করলে সড়ক ধসে পড়বে।নাম প্রকাশ না করার শর্তে সওজের এক কর্মকর্তা জানান, সড়কে মোটা দানার বালুর পরিবর্তে মাটি মিশ্রিত বালু এবং পিকেট ইটের খোয়ার পরিবর্তে তিন নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।সওজের মেহেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী জানান, নির্মাণ কাজের মান নিশ্চিতকরণে তাঁদের সার্বক্ষণিক নজরদারি আছে। দরপত্র অনুযায়ীই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জহিরুল লিমিটেডের মালিক জহিরুল ইসলাম বলেন, কাজ পেতে অনেক অর্থ ব্যয় হয়েছে। তার পরও দরপত্রের শর্তানুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা প্রশস্তকরণের কাজ করা হচ্ছে।