গাংনীতে হত্যা মামলার আসামি ছিনিয়ে নিলেন আ.লীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে গতকাল বুধবার হত্যা মামলার আসামি ফজলুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা ফজলুলকে ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বামুন্দী বাজারের পাশে গতকাল কৃষক লীগের সমাবেশ চলছিল। সেই সমাবেশে যোগ দেন গাংনীর কাজীপুর গ্রামের দুই সহোদর হত্যা মামলার আসামি ফজলুল হক। এ খবর পেয়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সমাবেশস্থল থেকে ফজলুলকে গ্রেপ্তার করেন। তাঁকে গাড়িতে তোলার সময় আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এসআই আসাদুজ্জামান জানান, ফজলুল হক কাজীপুর গ্রামের দুই সহোদর হত্যা মামলার আসামি। ফজলুলকে গ্রেপ্তার করলে স্থানীয় ক্যাডার পাঞ্জাব, মহির, বরগুল, লালনসহ কয়েকজন তাঁকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘সম্প্রতি যুবলীগের কর্মী খুন হলেন। সেই আসামি ধরতে পুলিশের কোনো আগ্রহ নেই। অথচ আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।’গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ‘যেখানে সরকারি দলের জনসভা চলছে, সেখানে আসামি ধরতে যাওয়ার সাহস দেখানো কেন? আসামি ধরতে গিয়ে ভুল করলে এ ধরনের কাজ তো হবেই। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’