গাংনীতে হামলায় নিহত ১, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে হামলা চালিয়ে ১৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা রুস্তম আলী (৫০) নামের এক কৃষককে পিটিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রুস্তম বিএনপির কর্মী বলে দাবি করেছেন দলের নেতারা। সরেজমিন জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের মিনাপাড়ার কিছু লোক ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে শিমুলতলায় হামলা করে। তারা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটালে লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এরপর হামলাকারীরা শিমুলতলা গ্রাম বিএনপির সাধারণ সম্পাদক খায়বার মাস্টার, হায়দার আলী, আবদুস সালামসহ ১৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। খায়বার মাস্টার অভিযোগ করেন, গত সোমবার মিনাপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা শামসুল হকসহ কিছু লোকজন তাঁর ১৫ বিঘা জমি দখল করে নেন। এটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কে বা কারা শামসুল হকের ছেলে মামুনকে (৩৪) কুপিয়ে জখম করে। চিকিৎসাধীন মামুন গতরাতে মারা যান। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ কর্মীরা তাঁর ভাই রুস্তমকে খুন করল।রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেন, মিনাপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আয়ুব হোসেন ও পাশার নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ কর্মী তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেন।গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন জানান, জমিটি শামসুল হকের। খায়বার মাস্টার জোর করে জমিটি দখলে রেখেছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, মামুন আওয়ামী লীগ কর্মী ছিলেন। তবে হামলাকারীরা আওয়ামী লীগের কেউ নন। মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন জানান, রুস্তম আলী বিএনপির কর্মী। তাঁকে আওয়ামী লীগের কিছু কর্মী পিটিয়ে হত্যা করেছেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ পরে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। নিহত রুস্তমের লাশ পুলিশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।