গাংনীতে ১২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে অসুস্থ গরুর মাংস খেয়ে ১২ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গতকাল শুক্রবার তাঁদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।আক্রান্ত ব্যক্তিরা হলেন মোক্তারুল ইসলাম (৩৬), মাহবুল হক (২৮), আবদুল্লাহ (৩), আওলিয়া খাতুন (১১), রেবেকা খাতুন (২৫), নিছারুন খাতুন (২৮), রশিদা খাতুন (৪০), সুমন (১৯), শাকিলা খাতুন (২৬), ইব্রাহিম হোসেন (৩৭), ইস্রাফিল (৪০) ও রাজু (৯)। গত বৃহস্পতিবার অসুস্থ হওয়ার পর তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মুক্তারুল ইসলাম জানান, নয় দিন আগে তাঁর একটা গরু অসুস্থ হয়ে পড়লে তিনি সেটি জবাই করেন। স্থানীয় লোকজন সেই গরুর মাংস কম দামে কিনে খায়। পরদিন তিনিসহ গ্রামের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রহ্লাদ কুমার মণ্ডল জানান, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়েই সবাই অসুস্থ হয়েছেন।