গাংনীতে ৫৬ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে গত তিন মাসে ৫৬ জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোগাক্রান্ত গরুসহ বিভিন্ন গবাদিপশুর সংস্পর্শে এলে বা জবাই করার পর মাংস নাড়াচাড়া করলে ও তা খেলে এই রোগ ছড়ায় বলে এ ব্যাপারে সতর্ক থাকতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দীক গাংনীতে ৫৬ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। সিভিল সার্জন বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস খেলে পরিপাকতন্ত্র এ রোগে আক্রান্ত হয়। আর আক্রান্ত পশু জবাইয়ের পর এর মাংস নাড়াচাড়া করলে চর্ম অ্যানথ্রাক্স হয়। তবে মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না।
সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইসমাইল ফারুকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল ১৮ থেকে ২৫ জুন গাংনী পরিদর্শন করে আক্রান্ত রোগীদের কাছ থেকে তথ্য ও নমুনা সংগ্রহ করে। এ সময় সবাইকে রোগাক্রান্ত গবাদিপশু জবাই এবং তার মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যানথ্রাক্স চিহ্নিত হওয়ার কথা নিশ্চিত করে ইসমাইল ফারুক জানান, নমুনা পরীক্ষার পরে অ্যানথ্রাক্সের ধরন জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দেওয়া হবে।
গাংনীর তেঁতুলবাড়িয়ার মিনাপাড়া গ্রামের আবদুস সাদেকের স্ত্রী ফিরোজা খাতুন (৩৫) জানান, তাঁদের বাড়িতে রোগাক্রান্ত ছাগল জবাই করে সেই মাংস বিক্রি করা হয়েছিল। তাঁর স্বামী ও সন্তানেরা ওই সময় মাংস হাতে ধরেছেন। এখন সবাই অ্যানথ্রাক্স আক্রান্ত। কাজীপুর গ্রামের শুকুর আলীর ছেলে নাসির উদ্দীন (৪৫) জানান, তিনি বাজার থেকে কম দামে গরুর মাংস কিনে রান্না করে খেয়েছিলেন। এরপর পরিবারের সবার শরীরের বিভিন্ন অংশে ঘা হয়েছে। তাঁরা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন আহমেদ ওই ব্যক্তিদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এটা চর্ম অ্যানথ্রাক্স, যা তুলনামূলকভাবে সহজে নিরাময়যোগ্য। এতে আক্রান্ত হলে রোগীর শরীরের বিভিন্ন অংশের চামড়া প্রথমে লাল হয়ে উঠবে। তারপর চুলকানি শুরু হবে। পরে স্থানটি কালো হয়ে ক্ষত সৃষ্টি হবে। নিয়মিত ওষুধ খেলে এই রোগ ভালো হয়ে যাবে। স্বাস্থ্য কর্মকর্তা জানান, পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স বেশি গুরুতর। এতে আক্রান্ত হলে রোগীর বমি, কাশি ও শ্বাসকষ্ট হবে। কারও শরীরে এমন লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শশাঙ্ক কুমার দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে আছেন। দায়িত্বে আছেন চুয়াডাঙ্গার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম। তিনি বলেন, গাংনীতে অ্যানথ্রাক্সের প্রকোপের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই।