গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা আকছেদ নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল সোমবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আকছেদ আলী (৩৮)। বাড়ি গাংনীর ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে।র্যাব ও পুলিশের দাবি, নিহত আকছেদ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) মেহেরপুর আঞ্চলের কমান্ডার। র্যাব-৬-এর মেহেরপুর কার্যালয়ের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলামের ভাষ্যমতে, ৮-১০ জন চরমপন্থী ধানখোলার মহিষাখোলা গ্রামের একটি আমবাগানে অস্ত্র নিয়ে বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে র্যাব ও গাংনী থানা পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব-পুলিশের সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘণ্টা পর সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আকছেদ আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তা জাহিদুল জানান, পরে চরমপন্থীদের ফেলে যাওয়া একটি আধুনিক রিভলবার, একটি এলজি, পাঁচটি তাজা গুলি, গুলির চারটি খোসা, পোশাক, মুখোশ, দুটি মোবাইল ফোনসেট ও নয়টি সিম কার্ড ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে আকছেদের বিরুদ্ধে গাংনী থানায় অন্তত নয়টি মামলা রয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আকছেদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিলেন। ২০০৫ সালে চরমপন্থী সংগঠন লাল পতাকার আঞ্চলিক নেতা হাউস বন্দুকযুদ্ধে নিহত হলে আকছেদ সংগঠনের দায়িত্ব নেন। সাঁথিয়ায় চরমপন্থীর লাশ উদ্ধার: পাবনা অফিস জানায়, পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের একটি পুকুর থেকে গত রোববার রাতে মো. মাসুদ রানা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, চর ভবানীপুরবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে মাসুদের লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, মাসুদ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য। তাঁর বাড়ি চাটমোহর উপজেলার চাটমোহর বাজার এলাকায়।