গাংনীর পরিবর্তে মেহেরপুর থেকে বিতরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় গাংনী উপজেলার জন্য বরাদ্দ করা টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) চাল ও গম মেহেরপুর খাদ্যগুদাম থেকে সরবরাহ করার নির্দেশ দিয়েছে।টিআর-কাবিখার খাদ্যশস্য নিয়ে সিন্ডিকেট-ব্যবসা ও দুর্নীতিরোধে ৫ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক পত্রে মেহেরপুর জেলা প্রশাসনকে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহলের সিন্ডিকেটের কারণে প্রকল্প কমিটি সরাসরি গুদাম থেকে টিআর-কাবিখার চাল-গম উত্তোলন করতে পারে না। সিন্ডিকেটের সদস্যরা প্রকল্প কমিটির আহ্বায়কের কাছ থেকে জোরপূর্বক ডেলিভারি অর্ডার (ডিও) লেটার কম দামে কিনে নেন এবং এর বিপরীতে গাংনী খাদ্য গুদাম থেকে খাদ্যশস্য উত্তোলন করে খুচরা বাজারে তা চড়া দামে বিক্রি করেন।মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপিদলীয় সাংসদ আমজাদ হোসেন জানান, তিনি সাংসদ হলেও টিআর-কাবিখার চাল-গম নিয়ন্ত্রণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পৌর মেয়র আহম্মদ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। তাঁদের প্রকল্পের ৬০ ভাগ তালিকা করার সুযোগ দিতে হয়েছে।তবে মকবুল হোসেন ও মেয়র আহম্মদ আলী জানান, প্রকল্প তালিকা করেন স্থানীয় সাংসদ। ডিও লেটার দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা। টিআর-কাবিখার চাল-গম নিয়ে কোনো সিন্ডিকেটের সঙ্গে তাঁরা যুক্ত নন।