গাংনীর মেয়র এবার ব্যাংক কর্মকর্তার নখ তুলে নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভার সেই মেয়র ও গাংনী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আহম্মদ আলী এবার এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন। নির্যাতনের একপর্যায়ে তিনি তাঁর হাতের নখ তুলে নিয়েছেন। গত মঙ্গলবার রাতে পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ ও মেয়রকে গ্রেপ্তারের দাবিতে জেলা বাস, ট্রাক, মিনিবাস মালিক শ্রমিক সমিতি মঙ্গলবার রাতেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে।
আহত ওই ব্যাংক কর্মকর্তার নাম ফকির মোহাম্মদ (৪৫)। গাংনী পৌরসভার চৌগাছা পাড়ায় তাঁর বাড়ি। তিনি মেহেরপুর কৃষি ব্যাংক শাখায় মাঠ কর্মকর্তার পাশাপাশি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকির মোহাম্মদ জানান, একটি মামলার আপসের কথা বলে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেয়রের লোক বলে পরিচিত মজিরুল ইসলাম তাঁকে পৌর কার্যালয়ে নিয়ে যান। সেখানে মেয়র তাঁকে ট্রাক ভাঙচুরের অভিযোগে করা একটি মামলা প্রত্যাহার করতে বলেন। এতে রাজি না হলে দরজা বন্ধ করে মেয়র এবং তাঁর লোকজন তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটান। একপর্যায়ে মেয়র একটি প্লাস দিয়ে তাঁর দুই হাতের কয়েকটি নখ তুলে নেন। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে মেয়র তাঁর কর্মীদের দিয়ে দ্বিতীয় দফা মারধর করান। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ফকির মোহাম্মদের ছেলে আবু সালেহ মোহাম্মদ তোহা পৌর মেয়রকে প্রধান আসামি করে একটি এজাহার নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত গাংনী থানায় অপেক্ষা করছিলেন। পুলিশ মামলা নিতে রাজি হচ্ছে না বলে অভিযোগ করেন আবু সালেহ।
তবে মেয়র আহম্মদ আলী বলেন, ‘ট্রাক মালিককে ডেকে আমি আপস বৈঠক করছিলাম। এ সময় ফকির মোহাম্মদ জামায়াতের নেতা জেনে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। তাঁকে আমি মারিনি, বরং তাঁকে উদ্ধার করে পুলিশে দিই। নইলে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যেতেন।’
গাংনী থানার ওসি মাসুদুল আলম বলেন, মেয়রের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১২ জন সাধারণ ডায়েরিও (জিডি) করেন। মামলা না নেওয়ার অভিযোগ নাকচ করে তিনি সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।