গাংনীর সেই মেয়রকে অপসারণের নির্দেশ

দুর্নীতির অভিযোগে মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর শাখা-২) সিনিয়র সহকারী সচিব মনোজ কুমার নাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনপত্রে ওই আদেশ দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বিকেলে তিনি এ-সংক্রান্ত প্রজ্ঞাপনপত্র ফ্যাক্সযোগে পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশটি সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, উপপরিচালক বাংলাদেশ সরকারি মুদ্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
কেউ অবাধ্য হলে বা তাঁর কথা না শুনলে মারধরের অভিযোগ রয়েছে গাংনীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আহম্মেদ আলীর বিরুদ্ধে। তাঁদের মধ্যে আছেন পুলিশ কর্মকর্তা, চিকিত্সক, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাব রেজিস্ট্রার, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপ্রার্থী নারী, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৬০ জন। তিনি একজন সাব-রেজিস্ট্রারকে জনসমক্ষে তওবা পড়িয়েছেন। তত্কালীন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার শাহরিয়ার হোসেনকে ‘মাথায় ঘোল ঢেলে, চুন কালি মাখিয়ে’ জেলা থেকে বিতাড়িত করার প্রকাশ্যে হুমকিও দিয়েছিলেন এই মেয়র। পরে ভয়ে তাঁরা বদলি হয়ে যান।
পুলিশের বিভিন্ন কর্মকর্তা গাংনী থানায় মেয়রের বিরুদ্ধে ১১টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এ ব্যাপারে জানতে আহম্মেদ আলী প্রথম আলোকে বলেন, যাঁরা একসময়ে তাঁর ঘনিষ্ঠ ছিলেন, তাঁরাই আজ বিরোধিতা করছেন। তিনি দলের নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, সরকারি এই অপসারণ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।
আরও জানতে পড়ুন