গাংনীর সেই মেয়রকে অপসারণ

দুর্নীতির অভিযোগ দুই দফা তদন্তে প্রমাণিত হওয়ায় মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীকে অপসারণ করা হয়েছে৷ স্থানীয় সরকার বিভাগের (পৌর শাখা-২) সিনিয়র সহকারী সচিব মনোজ কুমার নাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, বুধবার বিকেলে তিনি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই আদেশ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাব-রেজিস্ট্রার, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ব্যবসায়ী, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০ জনকে পিটিয়েছেন মেয়র আহম্মেদ আলী। একজন সাব-রেজিস্ট্রারকে তিনি জনসম্মুখে তওবা পড়িয়েছেন। তৎকালীন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার শাহরিয়ার হোসেনকে ‘মাথায় ঘোল ঢেলে, চুন-কালি মাখিয়ে’ জেলা থেকে বিতাড়িত করার প্রকাশ্য হুমিক ও ঘোষণা দিয়ে তিনি মিছিল-সমাবেশ করেন৷ পুলিশের বিভিন্ন কর্মকর্তা গাংনী থানায় তাঁর বিরুদ্ধে ১১টি সাধারণ ডায়েির (জিডি) করেছেন। এ বিষয়ে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। কিন্তু ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলতে সাহস পাননি।
প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিয়মনীতির তোয়াক্কা না করে ৫৯টি প্রকল্পে ও কিছু ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে গত বছরের মার্চ ও অক্টোবরে স্থানীয় সরকার বিভাগ দুটি তদন্ত কমিটি গঠন করে৷ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিটি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ওই বছরের মে মাসে একটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। তখন মেয়র তদন্ত প্রতিবেদন সঠিক হয়নি উল্লেখ করে মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় বিষয়টি পুনঃ তদন্তের আদেশ দেয়। গত নভেম্বর মাসে ওই তদন্ত কমিটি দুর্নীতির সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ মন্ত্রণালয়ে জমা দেয়। অবশেষে ২২ মে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই অপসারণ আদেশে স্বাক্ষর করেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
যোগাযোগ করা হলে আহম্মেদ আলী প্রথম আলোকে বলেন, দলের যাঁরা একসময়ে তাঁর ঘনিষ্ঠ ছিলেন, তাঁরাই আজ বিরোধিতা করছেন। তিনি দলের নেতাদের ষড়যন্ত্রের শিকার। তাঁরাই চেষ্টা-তদ্বির করে তাঁকে অপসারণ করিয়েছেন। তিনি দাবি করেন, তদন্ত কমিটি দুর্নীতির যে প্রতিবেদন দিয়েছে, সেই দুর্নীতির জন্য কর্মকর্তারাই জড়িত। তিনি অপসারণ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান৷
৷