গাংরখী নদী উদ্ধারে নেমেছে এলাকাবাসী
খুলনার পাইকগাছা উপজেলার গাংরখী নদীকে উদ্ধার করতে এগিয়ে এসেছে এলাকাবাসী। নিজেরা অর্থ সংগ্রহ করে ইজারাদারকে পরিশোধের মাধ্যমে নদীটি দখলমুক্ত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কুমখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলাকাবাসী এ সিদ্ধান্ত নেয়।খুলনার পাইকগাছা উপজেলার প্রবহমান গাংরখী নদীকে জলাবদ্ধতা দেখিয়ে জেলা প্রশাসন তিন বছর ধরে এ নদীটি ইজারা দিয়ে আসছে। এ নিয়ে গত ২৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘নদীতে বেড়া দিয়ে মাছচাষ এলাকাবাসীর সর্বনাশ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।এরপর এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যায় সভায় মিলিত হয়। গড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সুব্রত কুমার মৈত্রী, অর্ধন্দু শেখর মণ্ডল, রমেশ চন্দ্র বর্মণ, প্রশান্ত মণ্ডল, অরিন্দম মণ্ডল।সভায় সিদ্ধান্ত হয়, বাড়ি বাড়ি থেকে টাকা তুলে ইজারাদারকে দিয়ে নদীকে দখলমুক্ত করা হবে। বুধবার থেকে স্বেচ্ছায় চাঁদা দান কার্যক্রম শুরু হয়েছে।গড়িখালী গ্রামের দীপক মণ্ডল বলেন, ‘সংবাদটি প্রকাশিত হওয়ার পরে আমাদের এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। আমরা একত্র হতে পেরেছি। এখন আমরা টাকা তুলে এ নদীকে উদ্ধার করব।’চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আমরা এলাকাবাসী যেকোনো মূল্যে গাংরখী নদীকে ইজারামুক্ত করতে চাই। এ জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি টাকা তুলে ইজারাদারকে পরিশোধ করব।’খুলনার আরডিসি জিল্লুর রহমান বলেন, ‘এলাকাবাসী আবেদনপত্র দিলে কাজ খুব সহজ হয়। আবেদনের পক্ষে দ্রুত পদক্ষেপ নিতে পারি।’