বগুড়া, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা, নারায়ণগঞ্জ, সিলেট আঞ্চলিক গণিত উৎসব নিয়ে বিশেষ আয়োজন
গাই গণিতের জয়গান

হুড়মুড় করে মাঠের এপাশ থেকে ওপাশে ছোটাছুটি করছে খুদে গণিতবিদের দল। এর মধ্যে তৃতীয় শ্রেণীর হুমায়রা জাহান বেশ উচ্ছ্বসিত। এর আগেও গণিত উৎসবে এসেছিল সে মায়ের সঙ্গে। নিজের ভাই গত বছরও এতে অংশ নিয়েছে। এবার এসে নিজের পরিচিত কিছু বন্ধুও পেয়ে গেল সে। আয়োজন দেখেও খুব খুশি। বলল, গণিত উৎসব দেখতে এসেছি। আগামীবার অংশ নেবে? মাথা নাড়াল হুমায়রা।তার মানে হ্যাঁ।
গত ২৪ জানুয়ারি আটটি অঞ্চলে একসঙ্গে আট জায়গায় গণিত উৎসব অনুষ্ঠিত হয়। বরিশাল, সিলেট, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ ও ঠাকুরগাঁও অঞ্চলের উৎসবে এ অঞ্চলের অন্তর্ভুক্ত জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। উৎসবের পাশাপাশি ছিল স্থানীয় বন্ধুসভার বিশেষ আয়োজন। সিলেট বন্ধুসভার সদস্যরা এবার শিক্ষার্থীদের আসনবিন্যাস ইন্টারনেটে দিয়েছিল।ফলে আগে থেকেই গণিত উৎসবের খবর জেনে যায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ছিল নানা প্রশ্ন
উৎসবে মজার সঙ্গে জানার অংশ প্রশ্নোত্তর পর্ব। আর খুদে গণিতবিদদের নানা প্রশ্নের ফুলঝুরিও ছিল যথারীতি। খুদে গণিতবিদেরা নানা প্রশ্ন করে আর উত্তর দেন শিক্ষকেরা।ভালো প্রশ্ন করলেই পুরস্কার। শুধু গণিত নয়, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, মহাবিশ্বসহ নানা বিষয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা।অনেক শিক্ষার্থী আবার পরীক্ষাও নেয় মঞ্চে বসে থাকা অতিথিদের! এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করে, যার উত্তর হয়তো প্রশ্নকর্তা নিজেই জানে! বিষয়টি বুঝতে পেরে সঞ্চালক উল্টো প্রশ্ন করেন প্রশ্নকর্তা কিংবা অন্য কেউ উত্তর দিতে পারলে সে পাবে পুরস্কার। এভাবেই এগিয়ে চলে প্রশ্নোত্তর পর্ব।

আরও আয়োজন
প্রশ্নোত্তর পর্ব যখন চলতে থাকে, তখন উৎসবস্থলে থাকা অভিভাবকেরাও উপভোগ করেন অনুষ্ঠান। প্রতিদিন অন্তত একবার মাকে খুশি করার কথা বলা হয় উৎসবে।শিক্ষার্থীদের এমন বিষয় মনে করিয়ে দিলেঅনেক অভিভাবক প্রশংসা করেন।
আটটি অঞ্চলের এক উৎসবে মেয়েকে নিয়ে অনুষ্ঠানের পুরোটা সময় ছিলেন মা আনজুম খানম।জানালেন, এ জন্যই গণিত উৎসবে বাচ্চাদের নিয়ে আসি আবার নিজেও থাকি। শুধু গণিত চর্চাই নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাইলে এ বিষয়গুলো শিশু-কিশোরদের জানা দরকার। এ তো গেল দিনে একবার মাকে খুশি করার কথা। পরেই বলা হয়, আরও বড় দেশ-মাকে বছরে অন্তত একবার হলেও খুশি করা দরকার। দেশ-মাকেও খুশি করার প্রত্যয় দেখা যায় খুদে গণিতবিদদের মধ্যে।

আমরা করব জয়
মন মেলে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান, গণিতের ধ্বনিতে বাজে ওই মুক্তির জয়গান...এমন গানের সঙ্গে তাল মিলিয়ে গণিত উৎসব প্রাঙ্গণগুলো ছিল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণে মুখরিত। উৎসবে আসা খুদে গণিতবিদদের জানার আগ্রহ আর সুরের মূর্ছনায় দূর হয় গণিতভীতি। শিক্ষার্থীর উৎসাহ, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় দিনটি হয় গণিতের।
হাততালি আর সর্বশেষ ফলাফলের অপেক্ষার মধ্য দিয়ে শুরু হয় জমজমাট সমাপনী পর্ব। এ পর্বে গণিত উৎসবের সাফল্য, উদ্দেশ্য, নানা ধরনের সচেতনতামূলক কথা বলা হয়। মনে করিয়ে দেওয়া হয় মাদক, মিথ্যা আর মুখস্থ—এই তিন ‘ম’কে ‘না’ বলার কথা। আহ্বান জানানো হয় জ্ঞান-বিজ্ঞানের চর্চা করার।
এমন সম্ভাবনাময় খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এগিয়ে যাচ্ছে গণিত উৎসব। যার লক্ষ্য ও প্রত্যয় এগিয়ে যাওয়া সামনের দিকে, এগিয়ে নেওয়া নিজেকে ও দেশকে। যাদের মুখে, চিন্তা আর ভাবনায় থাকে আমরা করব জয় একদিন...।