গাইড বই থেকে প্রশ্ন করলে চাকরি থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গাইড বই থেকে প্রশ্ন করলে চাকরি থাকবে না, এমপিও বন্ধ হয়ে যাবে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রোববার বিকেলে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে এ মতবিনিময় সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ এবং মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘’৬২ থেকে রাজপথে আন্দোলন করছি। মিছিল করছি। এখনো মিছিলে আছি। এ মিছিলে আপনাদেরও নেতৃত্ব দিতে হবে। জঙ্গিবাদের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন) এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
মন্ত্রী এর আগে সকালে নগরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চার দিনব্যাপী ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সম্পাদক ফারহানা হক জানান, প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারে ৪২৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের চারটি অঞ্চলে ভাগ করে এই প্রতিযোগিতা হচ্ছে। এর মধ্যে বকুল অঞ্চলে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা এলাকার শিক্ষার্থীরা, গোলাপ অঞ্চলে খুলনা ও বরিশাল, পদ্ম অঞ্চলে ঢাকা ও ময়মনসিংহ এবং চাঁপা অঞ্চলে রাজশাহী ও রংপুর এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে। ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।