গাইড বই বেচে দেওয়ার শর্তে টাকা গ্রহণ অবশেষে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুটি লাইব্রেরির ‘গাইড বই’ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার শর্তে ওই দুই লাইব্রেরির ব্যবস্থাপকের কাছ থেকে ৯০ হাজার টাকা নেন। বিষয়টি জানাজানি হলে ৯ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে প্রধান শিক্ষক সব্যসাচী দাস টাকা ফেরত দেন। এ ঘটনায় গত শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর মিয়া তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিক্রির শর্তে দুই লাইব্রেরির ব্যবস্থাপকের কাছ থেকে ডিসেম্বরের শেষ দিকে ৯০ হাজার টাকা নেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করলে ৯ ফেব্রুয়ারি পরিচালনা কমিটি এবং সব শিক্ষকের সামনে বিদ্যালয়ের অফিসকক্ষে তিনি ওই টাকা ফেরত দেন।’পরিচালনা কমিটির সভাপতি উমেশ চন্দ্র মজুমদার বলেন, ‘ওই টাকা আমাদের কাছে জমা আছে। এ ঘটনায় গত শনিবার কমিটির সভায় পাঁচ সদসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রধান শিক্ষক সব্যসাচী দাস বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পরিচালনা কমিটি ভালো বলতে পারবে। আপনারা যেভাবে তথ্য পেয়েছেন, সেভাবে লিখুন। এ বলে তিনি মুঠোফোনের লাইন কেটে দেন।’