গাইড বাঁধের কাজ অসম্পূর্ণ রেখে তিস্তা সড়ক সেতু উদ্বোধন করার প্রস্তুতি নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। আগামী মাসে সেতু উদ্বোধন করার কথা। বিশেষজ্ঞরা বলছেন, গাইড বাঁধ সম্পূর্ণ না হলে বর্ষাকালেই ঝুঁকিতে পড়বে সেতু।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এই সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে ১৮ ফেব্রুয়ারি লালমনিরহাটে বলেছিলেন, জুনে কাজ শেষ হলে জুলাইয়ে সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রীর ঘোষণার পর নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আমিন-ডেলিম-জেভি দ্রুত সেতুটি সওজের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেয়। তাতে গাইড বাঁধের কাজ অসম্পূর্ণ থাকছে।লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষ সেতুটির অপেক্ষায় আছে। ২০০১ সালের ১ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এরপর ২০০৬ সালের ৫ আগস্ট জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বিশেষজ্ঞরা বলছেন, নদীশাসন করতে গাইড বাঁধ তৈরি করা হয়। গাইড বাঁধ নদীর দুই পাড়ের সেতুর সঙ্গে সংযোগ সড়ক ও দুই প্রান্তের প্রধান পিলার বা থাম রক্ষার কাজ করে।সেতুর দক্ষিণে রংপুরের কাউনিয়া উপজেলা এবং উত্তরে লালমনিরহাট সদর উপজেলা। সরেজমিন দেখা গেছে, সেতুর দুই প্রান্তের গাইড বাঁধের কাজ শেষ হয়নি। সেতুর ওপরের বেড়ার (রেলিং) কাজও বাকি। লাইটপোস্টও স্থাপন করা হয়নি। দুই পাশের সংযোগ সড়কের কাজ চলছে। আমিন-ডেলিম-জেভির ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, গাইড বাঁধ ছাড়া বাকি কাজ ৩০ জুনের মধ্যে শেষ হবে।শফিকুর রহমান বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে গাইড বাঁধের কাজ শেষ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। বিষয়টি সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক খান মাহামুদ আমানত বলেন, গাইড বাঁধ সেতু ও সংযোগ সড়কে সুরক্ষা দেয়। এই বাঁধ অসম্পূর্ণ থাকলে প্রবল স্রোতে নদী নিজের গতিপথ তৈরি করে নেবে। এতে সেতুর দুই প্রান্তের সড়ক ধসে যাওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, সামনে বর্ষা ঋতু। তিস্তা নদীতে প্রচুর পানি ও প্রবল স্রোত থাকবে। ঝুঁকি না নিয়ে অন্য কাজের সঙ্গে গাইড বাঁধের কাজও দ্রুত শেষ করা উচিত।এ ব্যাপারে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সেতুর ক্ষতি হলে ঠিকাদারি প্রতিষ্ঠান কারিগরি ও কৌশলগত পদক্ষেপ নেবে বলে তাঁদের জানিয়েছে।লালমনিরহাট জেলা সওজ বিভাগ সূত্র জানায়, কুয়েত সরকারের ৮৫ ও বাংলাদেশ সরকারের ১৫ শতাংশ অর্থায়নে ২০০৬ সালে সেতুর কাজ শুরু হয়। আমিন-ডেলিম-জেভি ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর ৭৫০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু করে। ২০০৯ সালের ৭ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৮৭ কোটি ছয় লাখ টাকা। পরে নির্মাণ ব্যয় ১২২ কোটি টাকা এবং ২০১১ সালের ৩১ ডিসেম্বর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়।ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রকল্প পরিচালক মাহবুবার রহমান বলেন, সরকার সময়মতো টাকা ছাড় করেনি বলে কাজ শেষ করতে দেরি হচ্ছে।