গাইড বিক্রি,আটটি বইয়ের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ নোট ও গাইড বিক্রির অভিযোগে গত শনিবার সুনামগঞ্জ শহরের আটটি বইয়ের দোকানকে (লাইব্রেরি) সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিছু নোট ও গাইড বই জব্দ করা হয়। এর প্রতিবাদে জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি সব লাইব্রেরি এক দিন বন্ধ রাখে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের পৌর বিপণির বন্ধু লাইব্রেরি, অনুপম লাইব্রেরি, পাঞ্জেরি লাইব্রেরি, আইডিয়াল লাইব্রেরি, পপুলার লাইব্রেরি ও আল-কাওসার লাইব্রেরি, নিউ গ্লোব লাইব্রেরি ও এমদাদিয়া লাইব্রেরিতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাজিব আহমেদ ও দাউদ হোসেন চৌধুরী। এ সময় এসব লাইব্রেরি থেকে কিছু নোট ও গাইড বই জব্দ করা হয়। পরে ওই লাইব্রেরিগুলোকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী হাকিম রাজিব আহমেদ জানান, নোটবই নিষিদ্ধকরণ আইন, ১৯৮০-এর বিধানমতে, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নোট-গাইড ছাপানো, আমদানি, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ। এই লাইব্রেরিগুলোতে এসব নোট ও গাইড বই পাওয়ায় বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর এর প্রতিবাদে জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি শহরের সব লাইব্রেরি বন্ধ করে দেয়। সমিতির জেলা সভাপতি পল্টু পাল বলেন, ‘আমরা নিষিদ্ধ নোট ও গাইড বিক্রি করি না। লাইব্রেরিতে সৃজনশীল অনুশীলনীমূলক বই বিক্রি করা হয়। কেন্দ্রীয় কমিটির পরামর্শেই জেলার সব লাইব্রেরি বন্ধ রাখা হয়েছিল।’আবার নোট-গাইড বিক্রি শুরু: নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার মোহনগঞ্জ পৌর এলাকার লাইব্রেরিগুলোতে বিক্রেতারা দুই দিন নোট-গাইড বই বিক্রি বন্ধ রাখার পর শনিবার থেকে আবার তা বিক্রি শুরু করেছেন বলে জানা গেছে। কয়েকজন সচেতন এলাকাবাসী ও অভিভাবক মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করেই তাঁরা বিক্রি শুরু করেছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের ভয়ে গত বৃহস্পতিবার থেকে পুস্তক বিক্রয়ের দোকানগুলো বন্ধ ছিল। বিক্রেতারা সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নেওয়ার জন্য বই বিক্রি বন্ধ রেখেছিলেন। এখন নিজেরাই আলোচনা করে বই বিক্রি শুরু করেছেন।মোহনগঞ্জ বাজারের তন্বী লাইব্রেরির মালিক অভি রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিভাবক ও শিক্ষকেরা এসে এসব বই চায় বলেই এগুলো দোকানে এনেছি। তা ছাড়া সারা দেশেই তো নিষিদ্ধ বই বিক্রি হচ্ছে। আমরাও নিজেরা আলোচনা করে দোকান খুলেছি।’