চিকিৎসক ও চিকিৎসার সরঞ্জাম-সংকটে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে গাইনি, সার্জারিসহ চিকিৎসকের পাঁচটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। সেবা না পাওয়ায় এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের নয়টি পদের মধ্যে পাঁচজন চিকিৎসকের পদ শূন্য। এগুলো হচ্ছে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, দুটি চিকিৎসা কর্মকর্তা, একটি শল্যবিদ (সার্জারি) ও একটি স্ত্রীরোগ (গাইনি) পরামর্শকের পদ। এর মধ্যে শল্যবিদ ও স্ত্রীরোগ পরামর্শকের পদে সাত মাস ধরে কোনো চিকিৎসক নেই। এ ছাড়া ১১৪ কর্মচারীর পদের মধ্যে ৩০টি শূন্য রয়েছে। এখন এখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তিনজন চিকিৎসা কর্মকর্তা আছেন।বুধবার সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা কর্মকর্তাদের দুটি এবং সার্জারি ও গাইনির পরামর্শকদের দুটি কক্ষে তালা ঝুলছে। তিনজন চিকিৎসক হাসপাতালের বহির্বিভাগে আসা এবং অন্তঃবিভাগে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রুমিনা বেগম বলেন, ‘হাসপাতালোত ভর্তি হয়া সব ধরনের টেস্ট করা লাগিল বাইরোত থাকি।’ দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন খাদিজা বেগম বলেন, ‘খালি ব্যান্ডেজ করি দিছে। কিন্তু কোনো ওষুধ নাই।’ রেহানা পারভিন নামের এক প্রসূতি বলেন, ‘এটে ডাক্তার নাই। ভর্তি হয়া কোনো লাভ হয় নাই।’স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, ২০০৯ সালের আগস্ট মাস থেকে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে। অস্ত্রোপচার কক্ষে ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নেই। একমাত্র অ্যাম্বুলেন্সটি দুই বছর ধরে বিকল পড়ে আছে।চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগে গত জুন ও জুলাই মাসে দুজন রোগীর মারা যাওয়ার ঘটনায় একজন চিকিৎসক ও একজন চিকিৎসা সহকারী লাঞ্ছিত হয়েছেন। এর মধ্যে লাঞ্ছিত চিকিৎসক কফিল উদ্দিন জুন মাসে ঘটনার পর অন্যত্র বদলি হয়েছেন। আর চিকিৎসা সহকারী জাহেদুল ইমলাম সেখানে কর্মরত থাকলেও আতঙ্কের মধ্যে আছেন। চিকিৎসা সহকারী জাহেদুল ইসলাম বলেন, এই হাসপাতালে জটিল রোগীর চিকিৎসাসেবা দেওয়া কষ্টের ব্যাপার। কেননা তেমন কোনো চিকিৎসা সরঞ্জাম এখানে নেই। আর যা আছে তা নষ্ট হয়ে পড়ে আছে। বয়স্ক হূদরোগী ভর্তি হতে না হতেই মারা যাওয়ার ঘটনায় তাদের লাঞ্ছিত হতে হয়েছে। কর্তব্যরত এক চিকিৎসক জানান, অস্ত্রোপচারের কক্ষে ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নেই। তিনটি সাকার যন্ত্রের মধ্যে একটি খারাপ। অস্ত্রোপচার করার জন্য অন্যান্য যন্ত্রপাতি থাকলেও সেগুলো ব্যবহার করা হয় না।উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সামছুজ্জোহা বলেন, প্রতি মাসে সভা করে হাসপাতালের সব সমস্যা জেলা সিভিল সার্জনকে জানানো হয়। কিন্তু তাঁকে জানিয়ে কোনো লাভ হয়নি। সিভিল সার্জন রেজাউল করিম বলেন, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো বিস্তারিতভাবে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এর বেশি আর কী করার আছে?