গাইনি চিকিৎসক অবেদনবিদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছর আগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে জরুরি প্রসূতি সেবাকেন্দ্রের (ইউওসি) ভবন নির্মাণ এবং যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। তবে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় কেন্দ্রটি আজও চালু করা যায়নি। এ কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।৫০ শয্যার এই হাসপাতালে ২০ জন চিকিৎসকের পদ থাকলেও কাগজে-কলমে আছেন একজন। তাঁর সঙ্গে ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্রের দুজন চিকিৎসককে প্রেষণে এনে জোড়াতালি দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা। এ ছাড়া হাসপাতালের এক্স-রে ও ইসিজি যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতাগী, পাশের পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরিশালের বাকেরগঞ্জ ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার কয়েক লাখ লোক এই হাসপাতালের ওপর নির্ভরশীল। এ ছাড়া সাতটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিৎসকের স্থলে আছেন মাত্র দুজন। ওই দুজন চিকিৎসকও বর্তমানে এই হাসপাতালে প্রেষণে কর্মরত। এতে ওসব স্বাস্থ্যকেন্দ্রেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দাপ্তরিক কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। হাসপাতালে রোগীদের চাপ সামলাতে প্রতিনিয়ত বাকি চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।বেতাগীর মোকামিয়া গ্রামের আবদুর রব বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা খাড়াইয়্যা থাইক্যাও হাসপাতালে চিকিৎসা পাওন যায় না। মোরা গরিব। আর যামু কই। নিরুপায় অইয়্যা হ্যার পরেও এই হাসপাতালে আই।’সূত্র আরও জানায়, জরুরি প্রসূতিসেবার জন্য ২০০৬ সালে প্রায় চার কোটি টাকায় হাসপাতালে ইউওসি ভবন নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ করা হলেও এখানে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় কেন্দ্রটি চালু করা যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তুম আলী বলেন, ‘চিকিৎসকসংকটের কারণে হাসপাতাল পরিচালনায় প্রতিনিয়ত আমরা হিমশিম খাচ্ছি। বিষয়টি আমরা উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় বারবার উপস্থাপন করেছি, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এক্স-রে ও ইসিজি যন্ত্র দীর্ঘদিন অকেজো পড়ে আছে। এগুলো এখন আর মেরামতযোগ্য নয়। আর গাইনি চিকিৎসক ও অবেদনবিদের অভাবে জরুরি প্রসূতি সেবাকেন্দ্রটি চালু করতে পারছি না।’