নবজাতককে মৃত ঘোষণা করা। দাফনের সময় তার নড়ে ওঠা। পরে হেলিকপ্টারে করে ঢাকায় এনে বাঁচানোর চেষ্টা। শেষমেশ মৃত্যু। দেশের মানুষের মনে দাগ কাটা এ ঘটনায় ফরিদপুর শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। কোনো গাইনি চিকিৎসক ছাড়াই ৩৪ বছর ধরে চলছে মা ও শিশুদের জন্য বিশেষায়িত এই হাসপাতাল।
নথিপত্র ঘেঁটে এবং কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ হাসপাতালের উদ্বোধন করেন। ১০০ শয্যার হাসপাতালটির ৭০টি শয্যা শিশুদের এবং ৩০টি মায়েদের জন্য বরাদ্দ। বিশেষায়িত ও সেবামূলক হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবছর বেসরকারি এ হাসপাতালে ২৭ লাখ টাকা অনুদান দেয়। প্রতি মাসে এখানে গড়ে দুই শতাধিক শিশুর জন্ম হয়। এর মধ্যে ৮০ ভাগ শিশুর জন্ম হয় অস্ত্রোপচারের মাধ্যমে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই হাসপাতালে চিকিৎসক আছেন ১৮ জন। এ ছাড়া তিনজন খণ্ডকালীন হিসেবে কর্মরত। এর মধ্যে শিশুবিশেষজ্ঞ আছেন তিনজন। কিন্তু কোনো গাইনি চিকিৎসক নেই। তবে দুজন নারী চিকিৎসা কর্মকর্তা আছেন। কিন্তু রাতের পালায় তাঁরা থাকেন না। তবে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, প্রয়োজন পড়লে তাঁদের খবর দিয়ে আনা হয়।
অভিভাবক ও কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হাসপাতালের বাইরে গাইনি চিকিৎসকের সঙ্গে প্রসূতির পরিবারের চুক্তি হয়। চুক্তির টাকা থেকে গাইনি চিকিৎসকেরা এ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ, সাধারণ শয্যা ও কেবিনের টাকা পরিশোধ করেন।
হাসপাতালের পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গাইনি চিকিৎসক পাওয়া যায় না। সার্কুলার দিয়েও আমরা পাইনি। তাই গাইনি চিকিৎসকেরা চুক্তির ভিত্তিতে এ হাসপাতালে এসে কাজ করেন।’
২১ সেপ্টেম্বর রাতে স্বাভাবিকভাবে যে অপরিণত শিশু ভূমিষ্ঠ হয়, তাকে কে মৃত ঘোষণা করেছিলেন—এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মৃত ঘোষণা করার দায়িত্ব চিকিৎসা কর্মকর্তার। বুধবার রাত ১২টার দিকে গাইনি চিকিৎসক রিজিয়া আলম চুক্তিভিত্তিক এক প্রসূতির অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন। ওই সময় ৫ মাস ২২ দিনের অন্তঃসত্ত্বা শহরের কমলাপুর মহল্লার নাজনীন আক্তার (২৩) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
নাজনীনের শ্বশুর মো. আবুল কালাম মিয়া বলেন, ‘রাত নয়টার দিকে নাজনীনের প্রসব ব্যথা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে এ হাসপাতালে নিয়ে যাই। রাত সাড়ে ১২টার দিকে রিজিয়া আলমের সহযোগিতায় স্বাভাবিকভাবে মেয়েশিশু গালিবা হায়াতের জন্ম হয়। কিন্তু চিকিৎসক এসে বলেন, শিশুটি মৃত। এরপর শিশুটিকে কার্টনে ভরে হাসপাতালের দোতলায় মেঝের ওপর রেখে দেওয়া হয়। রাত তিনটার দিকে আমি শিশুটিকে কবর দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাই। সকাল ছয়টার দিকে দাফন করার সময় শিশুটি হঠাৎ কেঁদে ওঠে। পরে আমি তাকে নিয়ে আবার দ্রুত ওই হাসপাতালে যাই।’
তবে রিজিয়া আলম বলেন, ‘আমি মৃত ঘোষণার কোনো ক্ষমতা রাখি না এবং ওই নবজাতককে মৃত ঘোষণা করিনি। শিশুটি ৫ মাস ২২ দিনের। তার হৃৎস্পন্দন পাওয়া যায়নি। আমি শিশুটিকে হাসপাতালের নিচে কর্মরত চিকিৎসা কর্মকর্তার কাছে নিয়ে যেতে বলি।’
ওই রাতে কর্মরত চিকিৎসা কর্মকর্তা সাদিকুল আহসার চৌধুরী বলেন, ‘শিশুটির জন্ম ও মৃত্যু ঘোষণা—এসব বিষয়ে আমি কিছুই জানতাম না। পরদিন সকাল সাতটার দিকে কবরস্থান থেকে শিশুটিকে ফিরিয়ে নিয়ে আসার পর বিষয়টি জানতে পারি।’
ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে কারও মৃত্যু হলে কর্তব্যরত চিকিৎসকই মৃত ঘোষণা করেন এবং এ-সংক্রান্ত লিখিত দেন। হাসপাতালটিতে অব্যবস্থাপনা আছে। তিনি আরও বলেন, চুক্তিতে আসা চিকিৎসকেরা সন্তান প্রসব করান। এর কোনো অনুমতি নেই। গাইনি চিকিৎসক না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি ভর্তি করে কেন?