গাইনি চিকিৎসক নেই!
‘কী হরমু, মোগো তো টাকা নাই যে ঢাকা, বরিশাল যাইয়্যা বউরে চিকিৎসা করামু। মোগো ভরসা এই হাসপাতাল, কিন্তু এইহানে আইয়্যা কোনো ফয়দা (সমাধান) নাই। বেয়ান বেলা অসুস্থ বউরে লইয়্যা হাসপাতালে আইয়্যা হুনি ডাক্তার নাই। আর একটা হাসপাতাল এই রহম কইর্যা কয় দিন চলে।’ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা আবদুর রব গত সোমবার তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। প্রতিদিন এমন অসংখ্য নারী এই হাসপাতালে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরছেন। হাসপাতাল সূত্র জানায়, জেলার একমাত্র সরকারি গাইনি চিকিৎসক আকবর হোসেন গত ২৩ নভেম্বর বদলি হয়ে যাওয়ার পর থেকে এই হাসপাতালের গাইনি বিভাগ বন্ধ রয়েছে। বরগুনার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে বর্তমানে কোনো গাইনি চিকিৎসক নেই। এতে জেলায় গাইনি ও প্রসূতিসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আকবর হোসেনের বদলির আদেশ হওয়ার পর স্থানীয় লোকজন গত ২৪ নভেম্বর সিভিল সার্জনের কার্যালয় অবরোধ এবং অবস্থান ধর্মঘট পালন করেন। সূত্র আরও জানায়, ১০০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র সাতজন। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম বলেন, ‘হাসপাতালে নাই নাই অবস্থা দেখে আমিও হতাশ। মাঝেমধ্যে খারাপ লাগে, যখন সাধারণ চিকিৎসার জন্যও রোগীদের বরিশালে পাঠাতে হয়। বিশেষ করে বর্তমানে গাইনি চিকিৎসক না থাকায় প্রতিদিন কত রোগী যে বিমুখ হয়ে বাড়ি ফিরছেন, তা বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘আমরা ওপর মহলে চিকিৎসক চেয়ে চেয়ে এখন ক্লান্ত।’ বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম গত বুধবার বলেন, ‘গাইনি চিকিৎসকের অভাবে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এটা সত্য। এ সমস্যার কথা আমি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।’