গাইনি চিকিৎসক নেই ১০ মাস
মাতৃমৃত্যুর হার কমাতে জয়পুরহাটের ক্ষেতলালে চার বছর আগে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম (ডিএসএফ) চালু হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ১০ মাস আগে বদলি হয়ে যাওয়ায় ডিএসএফের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। গত ১০ মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রসূতির অস্ত্রোপচার হয়নি, এমনকি স্বাভাবিক প্রসব পর্যন্ত হয়নি। ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসা প্রসূতিদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচও) পদ দুটি দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের দিয়ে চলছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গ্রামের প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে ২০০৭ সালের মে মাসে দেশের ২১টি উপজেলার মতো ক্ষেতলালেও ডিএসএফ চালু করা হয়। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় বর্তমানে এই প্রকল্পের সাড়ে ৬০০ প্রসূতিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ১০ মাসে ৯৫ জন প্রসূতিকে বাচ্চা প্রসবের জন্য জেলা সদরের আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গত বছরের ২২ নভেম্বর গাইনি বিশেষেজ্ঞ মমতাজ হোসেন পদোন্নতি পেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে যান। এর পর থেকে ওই পদে আর কোনো চিকিৎসক দেওয়া হয়নি। এ প্রকল্পের অধীনে ২০০৭ সালের মে থেকে গত নভেম্বর পর্যন্ত ক্ষেতলালে চার হাজার ৭১৩ জন প্রসূতিকে সেবা দেওয়া হয়। ক্ষেতলাল উপজেলা সদরের তারা বানু, কৃষ্ণনগর গ্রামের হাসনা, মামুদপুর গ্রামের রিনাসহ অনেকে আভিযোগ করেন, জয়পুরহাট আধুনিক হাসপাতালে কয়েক শ রোগীর মধ্যে সেবা তো দূরের কথা, কষ্ট আর হয়রানির শেষ নেই। বারান্দা ও মেঝেতে দু-একদিন থাকার পর শয্যা মেলে। সদর হাসপাতালে আসার পর সিজারিয়ান অপারেশনের জন্য পাঁচ-ছয় হাজার টাকার ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। ডিএসএফ ক্ষেতলালের সমন্বয়ক রেজাউল করিম বলেন, ‘বিষয়টি নিয়ে ওপর মহলে লেখালেখি হচ্ছে। সমাধান অচিরেই হবে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম শাহ বলেন, ‘জনবল-সংকট থাকা সত্ত্বেও সাধ্যমতো মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের মাধ্যমে সেবা দিয়ে মাতৃমৃত্যুর হার কমানো হয়েছে। এখানকার গাইনি বিশেষজ্ঞ ও চিকিৎসক-সংকটের কারণে অনেক সমস্যায় আছি।’সিভিল সার্জন মো. মোজাম্মেল হোসেন বলেন, অচিরেই নতুন একজন চিকিৎসক দেওয়া হবে। আর জেলার কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক পারভিন আক্তারকে ক্ষেতলালে সপ্তাহে দুই দিন করে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হবে।