গাইনি চিকিৎসক নেই ২৯ বছর
কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসেবা নেই। হাসপাতাল প্রতিষ্ঠার পর ২৯ বছর ধরে একমাত্র গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি শূন্য থাকায় প্রসূতি-রোগীরা হাসপাতালে এসে চিকিৎসাসেবা পাচ্ছেন না। বাধ্য হয়ে তাঁদের প্রায় আট কিলোমিটার সাগর পাড়ি দিয়ে কক্সবাজার হাসপাতালে যেতে হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসকের ২৮টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ছয়জন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর এখানে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি পদ থাকলেও এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে দ্বীপের নারীরা প্রসূতিসেবা থেকে বঞ্চিত। আর দ্বীপে বেসরকারি কোনো ক্লিনিকও নেই।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের ২৮টি পদের মধ্যে ২২টি শূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য। সেবিকার ১৪টি পদের মধ্যে কর্মরত আছেন তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক জানান, মাসে ১০ থেকে ১৫ জন জরুরি প্রসূতি-রোগী হাসপাতালে এলে তাঁদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। আর সাধারণ প্রসূতি-রোগী এলে তাঁদের সেবিকাদের মাধ্যমে স্বাভাবিক প্রসব করানো হয়।১৩ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা নিয়ে বড় মহেশখালী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে মানবাধিকার সংস্থা ফ্রেবের উদ্যোগে নিরাপদ মাতৃত্ববিষয়ক নাগরিক সংলাপ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন, মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এস বি শর্মাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংলাপে বৃদ্ধ কালা খাতুনসহ বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, এই হাসপাতালে প্রসূতি-রোগীর সেবা নেই। এ কারণে অনেক প্রসূতি ঝুঁকির মধ্যে আছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে গুরুত্বপূর্ণ গাইনি বিশেষজ্ঞের পদটি শূন্য থাকায় জরুরি প্রসূতিসেবা থেকে এখানকার নারীরা বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, গাইনি বিশেষজ্ঞসহ পর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা নিয়োগ দিতে ওপরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।