গাইনি-সার্জারিসহ আট পদ শূন্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি, সার্জারিসহ আটটি গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক নেই। এতে এখানে এসে রোগীরা যথাযথ সেবা পাচ্ছে না। চিকিৎসক না থাকায় দেড় বছরের বেশি সময় ধরে অস্ত্রোপচারকক্ষটি বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের ২৪টি পদ থাকলেও কর্মরত আছেন ১৬ জন। দীর্ঘদিন ধরে বাকি আটটি পদে চিকিৎসক নেই। এগুলো হলো: গাইনি, সার্জারি, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক, চর্ম ও যৌন , মেডিসিন-বিশেষজ্ঞ এবং চিকিৎসা কর্মকর্তার দুটি পদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গাইনি ও সার্জারি-বিশেষজ্ঞ না থাকায় ২০১১ সালের জুন থেকে এখানে অস্ত্রোপচারকক্ষ বন্ধ রয়েছে। তাই এখানে এসে স্থানীয় লোকজন অস্ত্রোপচার করাতে না পেরে ভোগান্তি পোহাচ্ছে। তাদের অতিরিক্ত টাকা খরচ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে কয়েকবার বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এতে চিকিৎসা ব্যাহত হচ্ছে।