চিকিৎসক ও জনবলসংকটে রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে স্ত্রী রোগ ও অবেদনবিদ বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। রোগীরা এখানে এসে যথাযথ সেবা পাচ্ছে না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন প্রায় ৫০০ জন রোগী আসে। রোগীর চাপ সামলাতে উপজেলার দুটি ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রের দুজন চিকিৎসক এনে জোড়াতালি দিয়ে সেবা দেওয়া হচ্ছে। এখানকার এক্স-রে মেশিনটি ছয় বছর ধরে বিকল থাকায় রোগীদের সমস্যা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি গত ২২ ফেব্রুয়ারি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য ইতিমধ্যে ভবনও নির্মাণ করা হয়েছে, কিন্তু চিকিৎসকসংকটের কারণে ৫০ শয্যার কার্যক্রম শুরু করা যায়নি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের নয়টি পদ আছে। এর মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ও জুনিয়র কনসালট্যান্টের (মেডিসিন) পদ ১০ বছর ধরে শূন্য রয়েছে; জুনিয়র কনসালট্যান্ট (স্ত্রীরোগ) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) লাইলুন নাহার ১০ বছর ও ডেন্টাল সার্জন (দন্ত্য চিকিৎসক) তানভীর সিদ্দিকী পাঁচ বছর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে আছেন। চিকিৎসা কর্মকর্তা ফাইমুল ইসলাম মণ্ডল ছয় মাস ধরে কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে আছেন। অপর চিকিৎসা কর্মকর্তা গোলাম মোর্শেদ তাম্বুলপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে পাঁচ মাস আগে বদলি হয়েছেন। এ ছাড়া পরিসংখ্যানবিদ ও জুনিয়র মেকানিক পদও ১০ বছর ধরে শূন্য।বর্তমানে এখানে চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম, পারুল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শহিদুর রহমান ও তাম্বুলপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের গোলাম মোর্শেদ।ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা চিকিৎসক গোলাম মোর্শেদ বলেন, এখানে প্রতিদিন রোগীর প্রচণ্ড চাপ থাকে। জরুরি বিভাগে প্রতিদিন ৮০ থেকে ৯০, বহির্বিভাগে ২৮০ থেকে ৩৫০ ও অন্তর্বিভাগে ৫০ জনেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে দীর্ঘদিন ধরে আবাসিক চিকিৎসক না থাকায় তাঁকে ওই চিকিৎসকের স্থানেও কাজ করতে হয়। পাশাপাশি তিনি বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের সেবা দেন।আরও জানা গেছে, এখানকার এক্স-রে মেশিনটি ২০০৭ সাল থেকে বিকল হয়ে পড়ে আছে। আজও তা মেরামত করা হয়নি। এ কারণে এখানে ভর্তি হওয়া রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে।উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দিয়ে জোড়াতালির মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও অন্যান্য পদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।