গাইনিসহ চার চিকিৎসক প্রেষণে, মিলছে না সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে ব্যাহত হচ্ছে খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। এখানে চিকিৎসকের ১৪টি পদ থাকলেও কাজ করেন দুজন। তাঁদের মধ্যে অধিকাংশই প্রেষণে শহরের হাসপাতালে আছেন। কেউ আছেন প্রশিক্ষণে, কেউ বা অনিয়মত। এসব কারণে এখানে এসে রোগীরা সেবা না পেয়েই চলে যাচ্ছেন। এখানে দীর্ঘ চার বছর ধরে গাইনি চিকিৎসক না থাকায় নারী রোগীদের বেশি সমস্যা হচ্ছে। ১৮ জানুয়ারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার নারীদের। কোনো ধরনের সমস্যা দেখা দিলে বেশি খরচ করে খুলনা শহরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। এতে তাঁদের ১০০-১৫০ টাকা বেশি খরচ হয়। আলাইপুর গ্রামের রহিমা বেগম বলেন, ‘আমার মাইয়েরে দেহাব, কিন্তু শুনলাম এহেনে মাইয়ের দাক্তার নেই। তাই খুলনে যাচ্ছি।’ পিঠেভোগ গ্রামের সাবিনা বেগম বলেন, ‘উপজেলা হাসপাতালে মাইয়েগে জন্য ডাক্তার নেই। পুরুষ ডাক্তারের কাছে সব কতি লজ্জা করে। তাহলে এ উপজেলার মহিলারা কোহানে যাবে ডাক্তার দেহাতি।’ ১৮ জানুয়ারি সকাল পৌনে নয়টায় সরেজমিনে গিয়ে দেখা যায় বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। এ সময় সেখানে ৭০-৭৫ জন রোগী দাঁড়িয়ে ছিল। একজন চিকিৎসক রোগী দেখছেন। ওই দিন ২০ জনের মতো রোগী সেখানে অন্তর্বিভাগে ভর্তি ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের ১৪টি পদ রয়েছে। এর মধ্যে দন্ত চিকিৎসক তানিয়া সুলতানা ও অবেদনবিদ এ টি এম আবদুল্লাহ নিয়মিত অফিস করেন না। জুনিয়র কলসালটেন্ট (গাইনি) সাহানা রাজ্জাক আলী প্রায় চার বছর ধরে ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) তাসনুভা আলম গত জুলাই মাস থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে আছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জুনিয়র কনসালট্যান্টের (সার্জারি) পদ শূন্য। চিকিৎসা কর্মকর্তার দুটি পদ আছে। এর মধ্যে এ কে এম এনায়েত এখানে কর্মরত আছেন, আরেকজন খুলনার শেখ আবু নাছের হাসপাতালে প্রেষণে আছেন। সহকারী সার্জনের পাঁচটি পদের মধ্যে দুটি শূন্য। বাকি তিনটি পদে কর্মরত আবদুল্লাহ-আল-মামুন গত বছরের ৮ মার্চ খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেষণে, দীপা দাস রনি মাতৃত্বকালীন ছুটিতে এবং আই ভি নাসরিন জানুয়ারি মাস থেকে প্রশিক্ষণে আছেন।চিকিৎসা কর্মকর্তা এ কে এম এনায়েত বলেন, একজনের পক্ষে এত বড় দায়িত্ব পালন করা কঠিন। তার পরও করতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশাস্ত কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘এখানে মাত্র একজন চিকিৎসক সেবা দেন। আমি তো প্রশাসনিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি। চিকিৎসক-সংকটের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’