গাইবান্ধা ইসলামিয়ার শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন

বিদ্যালয়ের শুরুটা হয়েছিল ১৯১৪ সালের ১ জানুয়ারি। ১০১ বছর ধরে বিদ্যালয়টি সাক্ষী হয়ে আছে ঔপনিবেশিক শাসন ও পাকিস্তানি আমলের। স্বাধীন বাংলাদেশের সব রাষ্ট্রপ্রধান পা রেখেছেন এ বিদ্যালয়ের প্রাঙ্গণে।
শুরুর এ দিনটিকে স্মরণ করে বছরের শেষ দিনটিতে ১০১ বছর পূর্ণের উৎসবে মেতেছিল গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয়। এ উপলক্ষে গতকাল বুধবার দিনভর নানা কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৪ সালে গাইবান্ধা জেলায় তৃতীয় উচ্চবিদ্যালয় হিসেবে এটি স্থাপিত হয়। সুন্দরগঞ্জ উপজেলার জোতদার রহিমুন্নেছা এর জন্য জমি দান করেন। তখন বিদ্যালয়ের মূল ভবনটির স্থানে মাত্র কয়েকটি ঘর ছিল। প্রথমে বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু করা হয়। পরে পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে পরিণত হয়। প্রতিষ্ঠাকালে ছাত্রসংখ্যা ছিল প্রায় ৩০০। ১৯১৯ সালে বিদ্যালয়টি থেকে প্রথম এসএসসি (ম্যাট্রিক) পরীক্ষায় অংশ নেন চারজন। যোগেন্দ্র নাথ দাস নামে একজন পাস করেন। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ তিন একর ৩০ শতক। ছাত্রসংখ্যা এক হাজার ৪১৫ জন।
শতবর্ষ পূর্তি উৎসব কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, গত ১ জানুয়ারি বিদ্যালয়ের বয়স শতবর্ষ পূর্ণ হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শতবর্ষের অনুষ্ঠান করা যায়নি। তাই গতকাল শতবর্ষ পূর্তি উৎসব করা হয়। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এহসানুল কবীর বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ঐতিহাসিকভাবে এই বিদ্যালয় মাঠটিরও গুরুত্ব রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে এ মাঠে নির্বাচনী সমাবেশ করেন। এ ছাড়া সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় বক্তৃতা দিয়েছেন।
গতকাল সকালে ১০০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম। উৎসব কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ সারোয়ার কবীর প্রমুখ। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়। দুই হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নেন।
বিকেলে বিদ্যালয় চত্বরে ‘মিলি আনন্দে প্রিয় প্রাঙ্গণে’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া শিক্ষার্থীরা রাত ১২টা এক মিনিটে আতজবাজি জ্বালিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানান।