গাইবান্ধা ও তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব ভাটারপাড়া এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত ও অপর দুজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত বুধবার রংপুরের তারাগঞ্জে রংপুর-সৈয়দপুর মহাসড়কের খিয়ারজুম্মা নামক স্থানে আরেক দুর্ঘটনায় মারা যান মোশারফ হোসেন (৫০) নামের এক ব্যক্তি।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে তরি ও তার সহপাঠী একই গ্রামের শিখা আক্তার (১৫) তাদের প্রতিবেশী আসাদুজ্জামানের (২০) সঙ্গে মোটরসাইকেলে করে রংপুরের পীরগাছায় যাচ্ছিল। তারা রামদেব ভাটারপাড়া এলাকায় পৌঁছালে রংপুর থেকে সুন্দরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পথেই তরি মারা যায়। আহত শিখাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আসাদুজ্জামানকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তরি জামালহাট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার রামদেব কালিতলা গ্রামের আবদুল খালেকের মেয়ে। পুলিশ চালক আবুল কালাম আজাদকেসহ বাসটি আটক করেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তারাগঞ্জে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুশরুত ধুলিয়া গ্রামের মোশারফ হোসেন নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে বুধবার রাতে তারাগঞ্জ বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটায় মহাসড়কের খিয়ারজুম্মা নামক স্থানে রংপুরগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।