গাইবান্ধা ও নোয়াখালীতে চার জেএমবি সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিসামত কেওয়াবাড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জিহাদি বইসহ নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর ও জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশবাড়ীতে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে মেহেদুল ইসলামের (৩৫) বাড়ি উপজেলার কেওয়াবাড়ি গ্রামে। অপর দুজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর পাছপাড়ার দেলোয়ার হোসেন (৩০) এবং গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমান ওরফে মিন্টু (৩৪)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কিসামত কেওয়াবাড়ি গ্রামের ওহাব মিয়ার বাড়ি থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ‘জিহাদি’ বই জব্দ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জেএমবির কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বোমা তৈরির কাজ করতেন।
সেনবাগে গ্রেপ্তার দুজন হলেন হিযবুত তাহ্রীরের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইব্রাহিম (৩০) ও জেএমবির সক্রিয় সদস্য এ এইচ এম খায়রুল আসাদ ওরফে সোহাগ (৪২)।
থানা-পুলিশ সূত্র জানায়, সোহাগকে সোমবার দিবাগত রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে এবং ইব্রাহিমকে রোববার দিবাগত রাতে কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই ঢাকার উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী এবং ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র বলেন, ওই দুজন সেনবাগ থানারও তালিকাভুক্ত জঙ্গি। ঢাকায় মামলা থাকায় তাঁরা এলাকায় এসে আত্মগোপন করেছিলেন। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।