গাইবান্ধা ও ময়মনসিংহে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা ও ময়মনসিংহে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আহম্মাদ আলীর ছেলে সাগর (৫) ও একই উপজেলার সদরের প্রধানপাড়ার মিন্টু মিয়ার মেয়ে আশা খাতুন (৯) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরঘোষপালা গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে সুইটি (৬) ও মাজহারুলের ভাই মো. সাইফুল ইসলামের মেয়ে হিয়া মনি (৫)।
গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এসএম কবীর রিপন জানান, সাগর ও আশা মামাতো-ফুফাতো ভাই বোন। সম্প্রতি আশা তার মায়ের সঙ্গে মামার বাড়ি গোয়ালপাড়ায় বেড়াতে আসে। আজ বিকেলে বাড়ির উঠোনে খেলার পর বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে তারা দুজনই পানিতে ডুবে যায়। স্বজনেরা পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরঘোষপালার আবুল মনসুর নামে এক বাসিন্দা জানান, তাঁর প্রতিবেশী মাজহারুলের মেয়ে সুইটি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে পুকুরে নামে হিয়া মনি। এ সময় আশপাশে কেউ না থাকায় শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তাদের খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু দুটি বীর ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।