গাইবান্ধা ও যশোরে সহিংসতায় নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে গত শনিবার রাতে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যশোরের বাঘারপাড়া উপজেলার সিলুমপুর গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় গতকাল রোববার এক ব্যক্তি প্রাণ হারান।পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের কুশারতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে শনিবার সন্ধ্যার দিকে ভোট গণনা শেষ হয়। এরপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদেরের সমর্থকেরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আবদুল লতিফের লোকজনের ওপর হামলা চালায়। এতে আবদুস সোবহানসহ (৫০) কয়েকজন আহত হন। সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে সোবহান মারা যান।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, নিহতের বড় ভাই ভোলা মিয়া গতকাল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গোলাম কাদেরসহ ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।গোলাম কাদের গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন ওই হামলার সঙ্গে জড়িত নয়।’এ ছাড়া, গতকাল সকালে ওই ইউনিয়নের গোপালপুর গ্রামে দুই পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়।উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহার গ্রামে গতকাল সকালে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম ও শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে শনিবার নির্বাচন হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে সিলুমপুর বাজারের একটি চায়ের দোকানে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের মঞ্জুর রশিদের সমর্থক হাসান মণ্ডলের সঙ্গে পরাজিত প্রার্থী বিএনপির জহুর হোসেনের সমর্থক রফিকুল ইসলামের বাগিবতণ্ডা হয়। হাসান একপর্যায়ে রফিকুলকে থাপড় মারেন। এরপর রফিকুলের স্বজনেরা বাজারে গিয়ে হাসান ও তাঁর সঙ্গের লোকজনকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বেলা দেড়টার দিকে বাজারের পাশে একটি বাগানের ভেতর হাসানের (৪৫) লাশ পাওয়া যায়। হাসানের আত্মীয়স্বজন ও তাঁর পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের পাঁচজনের বাড়িতে হামলা চালিয়ে লোকজনকে মারধর ও ১০টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হন।ক্ষতিগ্রস্ত ইব্রাহিম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘হাসানের লোকজন আমাদের পাঁচ ভাইয়ের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে আমার পাঁচ কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, নির্বাচিত ইউপি সদস্য সিলিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি অমেদ মণ্ডলের তিন কক্ষবিশিষ্ট বাড়ি, মোস্তফা মণ্ডলের পাঁচ কক্ষের টিনের ছাউনির পাকা বাড়ি, অহেদ আলী ও রশিদ মণ্ডলের বাড়ি এবং দুটি ট্রাক্টরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’ এ ছাড়া হামলাকারীরা ১৮টি গরু ও আসবাস লুট করে নিয়ে গেছে বলে ইব্রাহিম অভিযোগ করেন।যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল আমিন ও পুলিশ সুপার (এসপি) কামরুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।যশোরের সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) আনিছুর রহমান প্রথম অলোকে বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।