গাইবান্ধা ও শেরপুরে কম্বল পেলেন ৪৫০ জন
শেরপুর সদরে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। একই দিন গাইবান্ধা সদর উপজেলায় ট্রাস্টের উদ্যোগে আরও ২৫০ জনকে কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সিটিব্যাংক এনএর সহায়তায় শেরপুর সদর উপজেলার মৃগী নদী-সংলগ্ন নামাশেরিরচর গ্রাম ও শেরিরচর বস্তি এলাকার ১০০ জন এবং পৌরসভার বিভিন্ন এলাকার ১০০ জনকে কম্বল দেওয়া হয়।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহায়তায় গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার কুপতলা, খোলাহাটি, দাড়িয়াপুর, বালুয়া, রামচন্দ্রপুর, রাধাকৃষ্ণপুর, ত্রিমোহিনী, বাড়ইপাড়া, বালুয়া, বোয়ালি, বানিয়ারজান গ্রামের ২৫০ জন শীতার্ত মানুষের প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়।
নামাশেরিরচর গ্রামের সেতুর ওপর কম্বল বিতরণ করেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিবশঙ্কর কারুয়া। এ সময় তিনি বলেন, শীতবস্ত্র নিয়ে চরাঞ্চলের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো। এটি খুবই প্রশংসনীয়। কম্বল পেয়ে শেরিরচর বস্তি এলাকার বৃদ্ধা ময়োকা বেওয়া (৮০) বলেন, ‘শীতে কষ্ট পাইলেও আমগরে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগরে পরথম কম্বল দিলেন।’ কম্বল বিতরণ অনুষ্ঠানে শেরপুরের স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী প্রমুখ উপস্থিত ছিলেন।