গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের গণিত (তত্ত্বীয়) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা উত্তীর্ণ করে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করার পর গতকাল বুধবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায়। শিক্ষার্থীদের গতকালই সন্ধ্যার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশ ও ইনস্টিটিউট সূত্রে জানা যায়, তৃতীয় সেমিস্টার গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকারী ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন অকৃতকার্য হন। গত মঙ্গলবার অকৃতকার্য শিক্ষার্থীরা তাঁদের উত্তীর্ণ করে দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান। অধ্যক্ষ এতে অপারগতা জানালে তাঁরা ক্যাম্পাসে মিছিল করে অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবি জানান। একপর্যায়ে তাঁরা ইনস্টিটিউটে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুরে একই দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে স্মারকলিপি দেন। অধ্যক্ষ দাবি মানা সম্ভব নয় জানালে বিক্ষুব্ধ অকৃতকার্য শিক্ষার্থীরা এটিআই ভবন ও গ্রন্থাগারের জানালা-দরজা ভাঙচুর করেন। তাঁরা গ্রন্থাগারের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘এটিআই শিক্ষকেরা প্রাইভেট পড়ানোর বাণিজ্য করেন। তাঁরা নিয়মিত ক্লাস নেন না। তাঁদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ইচ্ছাকৃতভাবে আমাদের অকৃতকার্য করে দিয়েছেন। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করা হয়।’এ ব্যাপারে ইনস্টিটিউটের অধ্যক্ষ তায়েবা খাতুন বলেন, ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটা কখনো সম্ভব নয়। তারা অযৌক্তিক দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।