গাইবান্ধা-চটগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু
গাইবান্ধা ও চট্টগ্রামে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিশু মারা গেছে। নিহতরা হচ্ছে, গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটাবাড়ি গ্রামের পানফুল খাতুন (১০), সুন্দরগঞ্জ উপজেলার মাইদুল ইসলাম (৮) ও চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের কালু মিয়া (৮)।
গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার পুলিশ সুত্র জানায়, আজ সকাল ১০টার দিকে পানফুল তার ফুফু হালিমা বেগমের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা পানফুল ও হালিমা বেগমসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পানফুলকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
অপরদিকে আজ বিকেল চারটার দিকে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি এলাকায় গোবরসার বোঝাই একটি ট্রলির ধাক্কায় শিশু মাইদুল মারা যায়। পুলিশ ট্রলি আটক করেছে। তবে ট্রলি চালক জাহিদুল ইসলাম পলাতক।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ বিকেল চারটার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় কালিয়াইশ ইউনিয়নে একটি ট্রাক শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে বালু আনতে যাচ্ছিল। পথিমধ্যে শিশু কালু মিয়াকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় কালু।
সাতকানিয়ার দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।