গাইবান্ধা জেলা পরিষদের ৬০০ একর জায়গা বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা পরিষদের প্রায় ৬০০ একর জায়গা বেদখল হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান, চায়ের দোকান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় অনেক প্রভাবশালী র্দীঘদিন ধরে সরকারি এসব জায়গা দখল করে আছেন। এ ছাড়া উচ্চ আদালতের আদেশ অমান্য করে পরিষদ কার্যালয়ের সামনে পরিষদের জায়গায় দোকানঘর নির্মাণকাজ চলছে। গত বৃহস্পতিবার সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, জেলা পরিষদের অনেক জায়গা অবৈধ দখলদারদের দখলে রয়েছে। পরিষদ সূত্র জানায়, ১৯৮৯ সালের দিকে গাইবান্ধা শহরের কলেজ রোডে অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ের উত্তর ও পূর্ব পাশে জেলা পরিষদের দুই একর জায়গা ইজারা নিয়ে ২৫ জন লোক ছোট ছোট দোকান নির্মাণ করেন। পরবর্তী সময়ে দোকান মলিকেরা সেখানে আরও ৩০ শতাংশ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বেশ কিছু পাকাঘর নির্মাণ করেন।পরবর্তী সময়ে জেলা পরিষদ আয় বাড়াতে ওই সব ইজারা গ্রহীতা ব্যক্তিদের ইজারা বাতিল করে সেখানে বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৫ সালে দোকান মালিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হলে আদালত সেখানে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু ওই আদেশ অমান্য করে বেশ কিছু দোকানমালিক সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। স্থানীয় প্রভাবশালী মতলুবুর রহমান গত ৩০ মে থেকে জেলা পরিষদ কার্যালয়ের সামনে দোকানঘর নির্মাণ করছেন। মতলুবুর রহমান বলেন, ‘অবৈধভাবে দখলের অভিযোগ সঠিক নয়। জায়গা ফাঁকা আছে তাই ঘর নির্মাণ করছি।’ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পরিষদের ডাকবাংলোর জায়গায় অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী শফিকুল ইসলাম ছয়টি দোকানঘর নির্মাণ করেছেন। শফিকুল বলেন, ‘সরকারি জায়গা পড়ে আছে, তাই দখল করেছি। সরকার চাইলে ছেড়ে দেব।’ সুন্দরগঞ্জ উপজেলার মনমত গ্রামের হানিফ মিয়া ওই গ্রামে পরিষদের জায়গা দখল প্রসঙ্গে বলেন, ‘অনেকের দেখাদেখি আমিও জেলা পরিষদের জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছি। উচ্ছেদের জন্য জেলা পরিষদের নোটিশও পেয়েছি।’ একই গ্রামের অবৈধ দখলদার জালাল উদ্দিন ও সোহেল মিয়া দাবি করেন, তাঁদের বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জায়গা দখলের অভিযোগ ঠিক নয়। সরকারি জায়গা পড়ে থাকায় ঘর তুলে ব্যবসা করছেন। জেলা পরিষদের নোটিশ পাওয়ার পর ইজারা নেওয়ার চেষ্টা করছেন। জেলা পরিষদ সূত্র জানায়, জেলায় পরিষদের মোট ৫৭৯ একর জায়গা বেদখল রয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২১৯ একর, পলাশবাড়িতে ৭২ একর, সাদুল্যাপুরে ১১৬ একর, গোবিন্দগঞ্জে ৪১ একর, সুন্দরগঞ্জে ৮০ একর ও সাঘাটায় ৫১ একর।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী বলেন, বারবার নোটিশ দেওয়ার পরও পরিষদের জায়গা দখলমুক্ত করা যাচ্ছে না। অবৈধ দখলদারদের পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হচ্ছে। জেলা পরিষদ প্রশাসক সৈয়দ সামস-উল আলম বলেন, আগামী তিন মাসের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে তালিকা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে উচ্ছেদ অভিযান চালানো হবে।