গাইবান্ধা পাউবো কার্যালয়ে ভাঙনকবলিতদের হামলা
কাজ শুরু করতে গড়িমসি এবং অনিয়ম-দুর্নীতি হচ্ছে—এই অভিযোগ তুলে তার প্রতিবাদে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ভাঙনকবলিত বিক্ষুব্ধ জনতা। তারা কার্যালয়ের জানালা-দরজা ভাঙচুর ও কর্মচারীদের মারপিট করে। এতে পাউবোর ১১ জন কর্মচারী আহত হয়েছেন।সাঘাটায় যমুনা নদীর ভাঙন রক্ষার কাজে পাউবো কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলে এর প্রতিবাদে সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটি ওই অফিসে স্মারকলিপি দিতে গেলে এই ঘটনা ঘটে। এদিকে একই দাবিতে গতকাল সাঘাটা বন্দরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ৪০ কিলোমিটার পথ পেরিয়ে গাইবান্ধা শহরে আসে। তারা দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের মাস্টারপাড়ায় পাউবোর কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা সাঘাটা বাজার, সাঘাটা পুলিশ স্টেশন ও অন্যান্য সরকারি স্থাপনারক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে স্মারকলিপি দিতে যায়। কিন্তু অফিসে তখন নির্বাহী প্রকৌশলী বা কোনো কর্মকর্তা না থাকায় তারা উত্তেজিত হয়ে ওঠে।একপর্যায়ে উত্তেজিত জনতা অফিসে ইটপাটকেল নিক্ষেপ এবং জানালা-দরজা ভাঙচুর করে। পরে অফিসের কলপসিবল গেট ও লোহার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে বাইরে ছুড়ে ফেলে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশ করে। সেখান থেকে তারা গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাবেশ ও মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম কুমার, শাহনেওয়াজ মণ্ডল, শাহ আলম, আবদুল মান্নান, আবদুর রউফ, জহুরুল ইসলাম প্রমুখ।পরে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরুর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ ঘটনায় গাইবান্ধা পাউবোর পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে।গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাঘাটা বন্দরে অর্ধদিবস হরতাল পালিত হয়। এ সময় বন্দরের সব দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।বর্তমানে ঢাকায় অবস্থানরত গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, সাঘাটায় যমুনা নদীর ভাঙন রোধে ১৩৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। গত ৮ মার্চ ৩০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে কয়েকটি দরপত্রে ত্রুটি থাকায় ১৫ কোটি টাকার পুনঃ দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। অবশিষ্ট টাকা দিয়ে যমুনা নদীর তীর সংরক্ষণ ও জিও ব্যাগ স্থাপন করা হবে। অচিরেই কাজ শুরু করা হচ্ছে।